Homeসারাদেশকক্সবাজারে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, ইউনিয়ন বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ

কক্সবাজারে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, ইউনিয়ন বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ

কক্সবাজার সদর উপজেলার খুরুলিয়ায় প্রকাশ্যে এক ব্যবসায়ীকে তিনটি গুলি করার ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, তিনটি মোটরসাইকেলে করে আসা ছয়জন সশস্ত্র ব্যক্তি এ হামলা চালিয়েছেন।

আজ শুক্রবার দুপুর ৩টার দিকে খুরুলিয়ার লাল গোলাপ কমিউনিটি সেন্টারের সামনে এ হামলার ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

এ ঘটনায় আহত ব্যবসায়ী মাহমুদুল হককে (৪৫) আশঙ্কাজনক অবস্থায় প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়।

ওসি জানান, এ ঘটনায় পুলিশ একটি মোটরসাইকেল জব্দ করেছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে।

হাসপাতালে চিকিৎসাধীন মাহমুদুল হামলার বর্ণনা দিয়ে জানান, তিনি নিজের মাইক্রোবাসে করে রামুর দিকে যাচ্ছিলেন। এ সময় কমিউনিটি সেন্টারের সামনে তিনটি মোটরসাইকেলে করে ছয়জন এসে তার গাড়ির গতিরোধ করে এবং তাকে লক্ষ্য করে তিনটি গুলি ছোড়ে।

তিনি বলেন, ‘একজন কাছ থেকে আমার মাথায় গুলি করার চেষ্টা করেছিল। কিন্তু, গুলি বের না হওয়ায় বেঁচে গেছি। পরে আমি দৌড়ে সেখান থেকে পালিয়ে যাই।’

তিনি দাবি করেন, ‘হামলাকারী চারজনকে আমি চিনতে পেরেছি। তারা হলেন লিংক রোড এলাকার জায়েদ, কিতাব আলী, ওয়াজেদ আলী ও আবু নাসের। তারা ঝিলংজা ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদ উল্লাহ ও সাধারণ সম্পাদক লিয়াকত আলীর অনুসারী।’

মাহমুদুলের স্বজনদের অভিযোগ, হামলার পর স্থানীয়রা আবু নাসেরকে আটক করেছিলেন। তবে রাশেদ উল্লাহ তাকে ছাড়িয়ে নেন। এ হামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

বিএনপি নেতাদের সংশ্লিষ্টতার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ওসি জানান, পুলিশ ঘটনা তদন্ত ও ভুক্তভোগীর বক্তব্য সংগ্রহ করছে।

অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে রাশেদ উল্লাহর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। বারবার কল করা হলেও তিনি তা কেটে দেন।

RELATED ARTICLES

Most Popular