Homeস্পোর্টসক্রোনিয়ের ফিক্সিংয়ের চেয়েও বড় ছিল স্যান্ডপেপার-কাণ্ড: বয়কট

ক্রোনিয়ের ফিক্সিংয়ের চেয়েও বড় ছিল স্যান্ডপেপার-কাণ্ড: বয়কট

২০১৮ সালের কেপটাউন টেস্টের  সেই ‘স্যান্ডপেপার-কাণ্ড’ বা বল বিকৃতির ঘটনাকে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক হ্যান্সি ক্রোনিয়ের ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারির চেয়েও বড় ও ভয়াবহ বলে আখ্যা দিয়েছেন ইংল্যান্ডের কিংবদন্তি ব্যাটার জিওফ্রে বয়কট। একই সঙ্গে ওই ঘটনায় তৎকালীন অস্ট্রেলীয় অধিনায়ক স্টিভেন স্মিথের নিষ্ক্রিয়তার তীব্র সমালোচনা করেছেন তিনি।

২০১৮ সালের ২৩ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বলের আকৃতি পরিবর্তনের জন্য শিরিষ কাগজ (স্যান্ডপেপার) ব্যবহার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন অস্ট্রেলীয় ওপেনার ক্যামেরন ব্যানক্রফট। ডেভিড ওয়ার্নারের পরিকল্পনায় হওয়া এই জালিয়াতির বিষয়টি অধিনায়ক স্টিভেন স্মিথ জানতেন, কিন্তু তিনি তা থামানোর কোনো চেষ্টা করেননি। বিশ্বজুড়ে তীব্র নিন্দার ঝড় তোলা সেই ঘটনা অস্ট্রেলিয়ান ক্রিকেটের ভাবমূর্তিতে আজও এক কালো দাগ হয়ে আছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-এ লেখা এক কলামে স্মিথের নেতৃত্বের কড়া সমালোচনা করেছেন বয়কট। তার মতে, ষড়যন্ত্র থেকে নিজেকে দূরে রেখেও পরোক্ষভাবে অন্যায় সুবিধা নেওয়া এবং তা চলতে দেওয়া ছিল অধিনায়কত্বের চরম ব্যর্থতা ও ক্ষমার অযোগ্য অপরাধ।

বয়কট লিখেছেন, ‘অধিনায়ক হিসেবে ওয়ার্নার যখনই শিরিষ কাগজ ব্যবহারের প্রস্তাব দিয়েছিল, স্মিথের উচিত ছিল তখনই তা থামিয়ে দেওয়া।’
উল্লেখ্য, অস্ট্রেলীয় ব্যাটার উসমান খাজার লেখা ‘সবর’ বইয়ের তথ্যমতে, সতীর্থদের বড় শাস্তির হাত থেকে বাঁচাতে স্মিথ সব দায় নিজের কাঁধে নিয়েছিলেন এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার দেওয়া এক বছরের নিষেধাজ্ঞা মেনে নিয়েছিলেন।

কেলেঙ্কারির ব্যাপ্তি ও বয়কটের অভিযোগ

শুধু স্মিথ নন, বয়কটের অভিযোগের তীর পুরো অস্ট্রেলিয়া দল ও কোচিং স্টাফদের দিকেও। তার দাবি, এটি কোনো তাৎক্ষণিক ভুল ছিল না, বরং টানা দুটি টেস্ট ম্যাচজুড়ে অত্যন্ত সুপরিকল্পিতভাবে বল বিকৃতি ঘটানো হয়েছিল।

বয়কট বলেন, ‘স্যান্ডপেপার কেলেঙ্কারি ২৫ বছরেরও বেশি সময় আগে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটকে তছনছ করে দেওয়া হ্যান্সি ক্রোনিয়ের ম্যাচ ফিক্সিংয়ের চেয়েও বড় ঘটনা। ক্রিকেটে আমি যা পড়েছি বা দেখেছি, তার মধ্যে এটিই সবচেয়ে বড় কেলেঙ্কারি—যেখানে পুরো একটি দল মিলে প্রতারণা করেছে। ক্রোনিয়ের অপরাধে কেবল দু-একজন জুনিয়র খেলোয়াড় জড়িত ছিল; কিন্তু স্যান্ডপেপার-কাণ্ডে পুরো অস্ট্রেলিয়া দল জড়িত ছিল। পুরো স্কোয়াড এবং কোচরা সবাই গলা পর্যন্ত এই ষড়যন্ত্রে ডুবে ছিলেন এবং ঘটনা ধামাচাপা দিতে কেবল তিনজন খেলোয়াড়ের ওপর সব দায় চাপানো হয়েছিল।’

ওই ঘটনায় মূল পরিকল্পনাকারী ওয়ার্নার ও অধিনায়ক স্মিথ এক বছর করে নিষিদ্ধ হয়েছিলেন এবং ব্যানক্রফট পেয়েছিলেন নয় মাসের নিষেধাজ্ঞা। শাস্তি ভোগ শেষে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ দিয়ে মাঠে ফেরেন স্মিথ ও ওয়ার্নার। তবে বয়কটের মতে, ক্রিকেটের মর্যাদা ও অখণ্ডতার যে অপূরণীয় ক্ষতি তারা করেছেন, তার তুলনায় এই শাস্তি ছিল খুবই সামান্য; ওয়ার্নার ও স্মিথের আরও অনেক দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা প্রাপ্য ছিল।
 

RELATED ARTICLES

Most Popular