Homeঅর্থনীতিকেন ব্যক্তি ও করপোরেট ঋণসীমা বেঁধে দেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক

কেন ব্যক্তি ও করপোরেট ঋণসীমা বেঁধে দেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক

একজন গ্রহীতা সর্বোচ্চ কত ঋণ নিতে পারবেন এবং ব্যাংকের মোট ঋণের কতটুকু করপোরেট গ্রহীতাদের দেওয়া যাবে তা সুনির্দিষ্টভাবে নির্ধারণ করে দেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংকিং খাতের ঋণ ঝুঁকি কমাতে কেন্দ্রীয় ব্যাংক এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, একক গ্রহীতারা কোনো ব্যাংকের পরিশোধিত মূলধনের সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ঋণ নিতে পারেন।

কিন্তু, পুরো ব্যাংকিং খাত মিলিয়ে একজন গ্রাহক সর্বোচ্চ কত টাকা ঋণ নিতে পারবেন, সে বিষয়ে কোনো সীমা নির্ধারিত নেই।

একইভাবে, কোনো ব্যাংকের মোট ঋণের কত শতাংশ করপোরেট খাতে দেওয়া যাবে, তারও কোনো সীমা নেই। ফলে কোনো কোনো ব্যাংকের মোট ঋণের প্রায় ৯৫ শতাংশই করপোরেট খাতে কেন্দ্রীভূত হয়ে পড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুন পর্যন্ত ব্যাংকিং খাতে মোট বকেয়া ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫০ হাজার ৫৯৫ কোটি টাকা, যার মধ্যে ৩২ দশমিক ৭৮ শতাংশই খেলাপি।

ব্যাংকিং খাতের ঋণের একটি বড় অংশ মুষ্টিমেয় কয়েকজন ঋণগ্রহীতার হাতে কেন্দ্রীভূত হয়ে আছে। দুর্নীতি ও লুটপাটে জড়িত শিল্পগোষ্ঠীর পাশাপাশি কয়েকটি গ্রুপকে বেশি পরিমাণে ঋণ দেওয়ার কারণেও অনেক ব্যাংক ঝুঁকির মুখে পড়েছে। যেমন, ৪০টির বেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ‘সিটি গ্রুপ’কে ঋণ দিয়ে ঝুঁকিতে রয়েছে।

এমন পরিস্থিতির কথা বিবেচনা করেই কেন্দ্রীয় ব্যাংক নতুন নীতিমালা প্রণয়নের পরিকল্পনা করছে।

সংশ্লিষ্ট কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ (বিআরপিডি-১) ইতোমধ্যে এ বিষয়ে একটি কনসেপ্ট পেপার তৈরি করেছে। নীতিমালা প্রণয়নে কাজ করার জন্য শিগগির একটি কমিটিও গঠন করা হবে।

তবে নীতিমালাটি এখনো একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানান কর্মকর্তারা।

নতুন ব্যবস্থায় মূলধন, নগদ অর্থের প্রবাহ, ঋণ পরিশোধের সক্ষমতা, লেনদেনের আচরণ, প্রতিষ্ঠানের ধরন এবং ভবিষ্যৎ সম্ভাবনাসহ ৯টি সূচকের ভিত্তিতে একক ঋণগ্রহীতা বা প্রতিষ্ঠানের মোট ঋণসীমা নির্ধারণ করা হবে। ফলে ঋণগ্রহীতা ভেদে এই সীমা ভিন্ন ভিন্ন হবে।

বড় অঙ্কের ঋণে অতিমাত্রায় নির্ভরশীলতার কারণে রাষ্ট্রায়ত্ত কয়েকটি ব্যাংক উচ্চ খেলাপি ঋণ, প্রভিশন ঘাটতি ও মূলধন ঘাটতিতে ভুগছে। কেন্দ্রীয় ব্যাংকের নিবিড় তদারকি সত্ত্বেও এসব ব্যাংক একক ঋণগ্রহীতার ঋণসীমা লঙ্ঘন করেছে। যেমন—জনতা ব্যাংকে বড় ঋণগ্রহীতার সংখ্যা সবচেয়ে বেশি ৬৭ জন। পাশাপাশি পরিশোধিত মূলধনের ২৫ শতাংশের একক ঋণসীমা অতিক্রমকারী বড় গ্রাহকের অনুপাতও এই ব্যাংকেই সর্বোচ্চ।

করপোরেট ঋণের ওপর ব্যাংকগুলোর নির্ভরতা কমাতে খাতভিত্তিক ঋণসীমা নির্ধারণের জন্য আলাদা একটি নীতিমালাও তৈরি করছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের ‘ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট ২০২৫’ অনুযায়ী, ব্যাংকগুলোর মোট ঋণের ৪৫ দশমিক ৮৫ শতাংশই করপোরেট খাতে দেওয়া হয়েছে।

প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, শীর্ষ দুই ঋণগ্রহীতা খেলাপি হলে ১৩টি ব্যাংকের মূলধন পর্যাপ্ততায় বড় ধরনের ধস নামবে, যা ব্যাংকগুলোর টিকে থাকার সক্ষমতায় মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, নতুন নীতিমালায় করপোরেট ঋণের সর্বোচ্চ সীমা ৪৫ শতাংশ নির্ধারণ করা হতে পারে।

সম্প্রতি এক সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান জানান, কেন্দ্রীয় ব্যাংক ৪৫ শতাংশ সীমা নির্ধারণের বিষয়ে কাজ করছে এবং বাকি ৫৫ শতাংশ ঋণ খুচরা ও এসএমই খাতে বরাদ্দ রাখা হবে।

বর্তমানে বেসরকারি ব্যাংকগুলোর মোট ঋণের প্রায় ৭০-৮০ শতাংশই করপোরেট ঋণগ্রহীতাদের দখলে। এতে ছোট ব্যবসায়ী ও ব্যক্তি পর্যায়ের গ্রাহকদের জন্য ঋণের সুযোগ তুলনামূলক কম থাকছে।

নতুন প্রস্তাবকে ভারসাম্যপূর্ণ ও সহনশীল আর্থিক খাত গড়ে তোলার পথে ইতিবাচক পদক্ষেপ হিসেবে মনে করছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ মাহবুবুর রহমান। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘দেশের অর্থনৈতিক বাস্তবতা ও বিভিন্ন খাতের অর্থায়ন গ্রহণের সক্ষমতা বিবেচনায় নিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে এটি বাস্তবায়ন করতে হবে।’

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান একক ঋণগ্রহীতার প্রস্তাবিত সীমা প্রসঙ্গে বলেন, ‘এটি ব্যবসায়ীদের নিজস্ব মূলধনের ভিত্তি শক্তিশালী করতে এবং বিকল্প অর্থায়নের উৎস খুঁজতে উৎসাহিত করবে।’

‘তবে দেশে বিকল্প অর্থায়নের সুযোগ সীমিত এবং ব্যবসায়িক অর্থায়নের প্রধান উৎস ব্যাংকগুলোই। এ কারণে বিদ্যমান বিনিয়োগ, উৎপাদন সক্ষমতা ও ভবিষ্যৎ শিল্প সম্প্রসারণের ওপর নতুন পরিকল্পনার কী প্রভাব পড়বে, তা সতর্কতার সঙ্গে বিবেচনা করতে হবে,’ বলেন তিনি।

করপোরেট ঋণসীমা নির্ধারণের বিষয়ে তিনি বলেন, ‘ঋণে বৈচিত্র্য কাম্য হলেও এর জন্য ধাপে ধাপে রূপান্তর প্রয়োজন। ব্যাংকগুলোর পোর্টফোলিওতে ঐতিহ্যগতভাবে করপোরেট ঋণের আধিপত্য রয়েছে। অন্যদিকে রিটেইল, এসএমই ও অন্যান্য খাতে ঋণ সম্প্রসারণের জন্য ভিন্ন ধরনের দক্ষতা, অবকাঠামো, ঝুঁকি মূল্যায়নের সক্ষমতা ও পরিচালন ব্যয়ের প্রয়োজন হয়।’

তার মতে, লক্ষ্য হওয়া উচিত শুধু করপোরেট ঋণ কমানো নয়, বরং সম্পদের মান বা আর্থিক স্থিতিশীলতার সঙ্গে আপস না করে দায়িত্বশীলভাবে ঋণ সম্প্রসারণে ব্যাংকগুলোর সক্ষমতা তৈরি করা।

মাহবুবুর রহমান দীর্ঘমেয়াদি বিকল্প অর্থায়নের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।

তবে, সব বড় করপোরেট প্রতিষ্ঠানকে কেন্দ্রীভূত ঝুঁকি হিসেবে না দেখার পরামর্শ দেন তিনি। তার মতে, অনেক বড় প্রতিষ্ঠান রপ্তানি, কর্মসংস্থান, রাজস্ব ও শিল্প বিনিয়োগে বড় অবদান রাখছে। বিনিয়োগ, শিল্প প্রবৃদ্ধি বা অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হওয়া এড়াতে অংশীজনদের সঙ্গে আলোচনা, বাস্তবসম্মত সময়সীমা এবং সমান্তরালভাবে বিকল্প অর্থায়নের পথ তৈরি করা অপরিহার্য।

অন্যদিকে পূবালী ব্যাংকের এমডি মোহাম্মদ আলী ডেইলি স্টারকে বলেন, ‘ঋণগ্রহীতাদের মোট ঋণের ওপর সীমা নির্ধারণ করা অত্যন্ত জরুরি। একক ব্যাংকের ক্ষেত্রে ঋণসীমা ইতোমধ্যে রয়েছে। কিন্তু একজন গ্রাহক যখন একাধিক ব্যাংক থেকে ঋণ নেন, তখন মোট ঋণের হিসাব রাখা উচিত। পুরো ব্যাংকিং খাতের জানা দরকার একটি পক্ষ সর্বোচ্চ কত টাকা ঋণ পেতে পারে।’

‘কোনো সম্পদ নেই এমন একটি পক্ষকে ব্যাংকগুলো মিলে ২০ হাজার কোটি টাকা ঋণ দেবে—এর কোনো মানে হয় না’ মন্তব্য করে তিনি বলেন, ‘এই সীমা ঋণগ্রহীতার সম্পদ ও নিট মূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। বিশেষ করে ব্রিজ ফাইন্যান্সিং এবং সিন্ডিকেটেড ঋণের ক্ষেত্রে এটি অত্যন্ত জরুরি।’

তার মতে, এই সীমা কার্যকর হলে করপোরেট প্রতিষ্ঠানগুলো শেয়ার, ডিবেঞ্চার, কুপন বন্ড এবং পার্টিসিপেশনের মতো নিজস্ব বিকল্প অর্থায়নের উৎস খুঁজে নেবে। ‘সব ব্যবসা যদি শুধু ব্যাংক অর্থায়নের মাধ্যমেই চলে, তাহলে শেয়ার, বন্ড, ট্রেজারি ও ইক্যুইটির বাজার কখনোই বড় হবে না। ব্যাংকের ওপর অতি-নির্ভরশীলতা ব্যাংকিং খাত, গ্রাহক ও সর্বোপরি অর্থনীতির ক্ষতি করে।’

বাস্তবায়ন হলে এটি ‘অন্যতম গুরুত্বপূর্ণ একটি নীতিমালা’ হবে বলেও মন্তব্য করেন মোহাম্মদ আলী।

RELATED ARTICLES

Most Popular