অনলাইনে নিজের ব্যবসার পরিচিতি তৈরি করতে এতদিন গুগল বিজনেস প্রোফাইল ছিল অন্যতম জনপ্রিয় মাধ্যম। এবার সেই বাজারে নতুন প্রতিযোগিতার সম্ভাবনা তৈরি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম চ্যাটজিপিটি।
গত ১০ নভেম্বর ‘বিজনেসেস ইন চ্যাটজিপিটি’ নামে নতুন সুবিধা চালু করেছে ওপেনএআই। এর আওতায় ‘বিজনেস হাব’ ব্যবহার করে ব্যবসার মালিকরা নিজেদের প্রতিষ্ঠানের মালিকানা দাবি, পরিচয় যাচাই ও ব্যবসার তথ্য পরিচালনা করতে পারবেন। পাশাপাশি গ্রাহকরা চ্যাটজিপিটিতে তাদের ব্যবসা সম্পর্কে কীভাবে তথ্য পাচ্ছেন, সেটিও জানতে পারবেন।
ওপেনএআই জানিয়েছে, প্রতি সপ্তাহে প্রায় ১২০ কোটি মানুষ চ্যাটজিপিটি ব্যবহার করেন। এই বিপুল ব্যবহারকারীর কাছে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর তথ্য আরও সহজে পৌঁছে দেওয়াই নতুন উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
গুগল বিজনেস প্রোফাইল একটি বিনামূল্যের সেবা। এর মাধ্যমে ব্যবসাপ্রতিষ্ঠান গুগল সার্চ ও গুগল ম্যাপে নিজেদের নাম, ঠিকানা, ফোন নম্বর, ওয়েবসাইট, ছবি ও খোলার সময় যুক্ত করতে পারে।
কেউ গুগলে কোনো দোকান, রেস্তোরাঁ বা সেবা খুঁজলে সংশ্লিষ্ট ব্যবসার প্রোফাইল দেখতে পারেন। গ্রাহকরা সেখানে রিভিউ দিতে, ফোন করতে কিংবা দোকানে যাওয়ার দিকনির্দেশনা পেতে পারেন।
গুগল যেখানে সার্চ ও ম্যাপের মাধ্যমে ব্যবসার তথ্য দেখায়, চ্যাটজিপিটি সেখানে কথোপকথনের মাধ্যমে পণ্য ও সেবা সম্পর্কে তথ্য দিতে পারে। উদাহরণস্বরূপ, কেউ চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করলেন, ‘আমার বাজেটের মধ্যে ভালো পোশাক কোথায় পাওয়া যাবে?’ চ্যাটজিপিটি তখন প্রাসঙ্গিক ব্যবসা ও পণ্যের তথ্য তুলে ধরতে পারে।
বিজনেস হাবের মাধ্যমে ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকরা তাদের প্রতিষ্ঠানের বিবরণ, ওয়েবসাইট ও পণ্যের তথ্য হালনাগাদ করার সুযোগ পাবেন।
প্রথমে https://chatgpt.com/business-hub ওয়েবসাইটে গিয়ে চ্যাটজিপিটি অ্যাকাউন্টে লগইন করতে হবে। এরপর ধাপে ধাপে—
অ্যাড বিজনেস’ অপশন নির্বাচন করুন অথবা প্রতিষ্ঠানের নাম দিয়ে খুঁজুন।
তালিকায় নিজের ব্যবসা পাওয়া গেলে সেটি নির্বাচন করুন।
ব্যবসাটির মালিক বা অনুমোদিত প্রতিনিধি হিসেবে পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া শুরু করুন।
নির্দেশিত পদ্ধতিতে প্রয়োজনীয় তথ্য জমা দিন।
ওপেনএআইয়ের অনুমোদনের জন্য অপেক্ষা করুন।
যেভাবে চ্যাটজিপিটিতে নিজের ব্যবসা ভেরিফাই করবেন
ব্যবসার ধরন অনুযায়ী ফোন নম্বর, ব্যবসায়িক ইমেইল, ওয়েবসাইটের ডোমেইন অথবা ‘শপিফাই’ স্টোরের মাধ্যমে প্রাথমিক মালিকানা যাচাই করা যায়। এরপর ‘পারসোনা’ নামের পরিচয় যাচাই ব্যবস্থার মাধ্যমে অতিরিক্ত ভেরিফিকেশন সম্পন্ন করতে হয়। প্রয়োজনে সরকারি পরিচয়পত্র, ব্যবসার নিবন্ধন কিংবা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বের প্রমাণও চাইতে পারে।
এই প্রক্রিয়া অনুমোদিত হলে ব্যবসার প্রোফাইলে নীল রঙের ভেরিফায়েড চেকমার্ক দেখা যাবে।
গুগল বিজনেস প্রোফাইল ভেরিফাই করতে প্রথমে ‘গুগল বিজনেস প্রোফাইল’-এ ব্যবসা যুক্ত বা ইতোমধ্যেই থাকলে তা দাবি করতে হয়। এরপর গুগল যে নির্দেশনা দেয়, সেটি অনুসরণ করে মালিকানা যাচাই করতে হয়। ব্যবসাভেদে ভিডিও রেকর্ডিং, লাইভ ভিডিও কল, ফোন, এসএমএস, ইমেইল কিংবা পোস্টকার্ডের মাধ্যমে যাচাইয়ের সুযোগ থাকতে পারে।
চ্যাটজিপিটির বিজনেস হাব ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য নতুন ডিজিটাল প্রচারের সুযোগ তৈরি করতে পারে। ব্যবসার সঠিক তথ্য, পণ্যের দাম ও প্রাপ্যতা যুক্ত করার পাশাপাশি চ্যাটজিপিটিতে কতবার প্রতিষ্ঠানের ওয়েবসাইট উল্লেখ করা হয়েছে এবং কতজন ওয়েবসাইটে ক্লিক করেছেন, তার পরিসংখ্যানও পাওয়া যাবে।
এ ছাড়া, আপাতত যুক্তরাষ্ট্রের যোগ্য অনলাইন ব্যবসাগুলো ‘বিজনেস এজেন্ট’ চালু করতে পারবে। এর মাধ্যমে সম্ভাব্য ক্রেতারা পণ্য ও সেবা সম্পর্কে সরাসরি প্রশ্ন করতে পারবেন।
তবে ব্যবসা ভেরিফাই করলেই চ্যাটজিপিটি সেটিকে বেশি সুপারিশ করবে কিংবা বিক্রি বাড়বে, এমন নিশ্চয়তা নেই।
মানুষ এখন শুধু তথ্য খুঁজতে নয়, বরং পণ্য তুলনা, কেনাকাটার সিদ্ধান্ত ও বিভিন্ন সেবা সম্পর্কে জানতেও এআইয়ের সাহায্য নিচ্ছেন। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ব্যবসাপ্রতিষ্ঠান ও সম্ভাব্য গ্রাহকদের মধ্যে যোগাযোগ আরও সহজ করতে চায় ওপেনএআই।
নতুন এই উদ্যোগ গুগল বিজনেস প্রোফাইলের বিকল্প হিসেবে কতটা জনপ্রিয় হবে, তা এখনই বলা কঠিন। তবে ব্যবসার খোঁজা ও পণ্য সম্পর্কে তথ্য পাওয়ার ক্ষেত্রে গুগলের পাশাপাশি চ্যাটজিপিটিও গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠতে পারে।
