Homeঅর্থনীতিপ্রাণীর টিকা আমদানি কমাতে দেশে ৩০০ কোটি টাকায় প্লান্ট নির্মাণের উদ্যোগ

প্রাণীর টিকা আমদানি কমাতে দেশে ৩০০ কোটি টাকায় প্লান্ট নির্মাণের উদ্যোগ

আমদানি নির্ভরতা কমাতে ও দেশে উৎপাদন বাড়াতে প্রাণীর টিকা তৈরির প্লান্ট স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রাণিসম্পদ অধিদপ্তরের নথি অনুযায়ী, এতে আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় ৩০০ কোটি টাকা।

প্রকল্পটি বাস্তবায়নের আগে সম্ভাব্যতা সমীক্ষার উদ্যোগ নিয়েছে অধিদপ্তর। এর জন্য সময় নির্ধারণ করা হয়েছে, ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত।

অধিদপ্তরের এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি স্টারকে বলেন, সমীক্ষার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে একটি প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাবটি নীতিগত অনুমোদন পেয়েছে।

তিনি জানান, প্রাথমিকভাবে বগুড়ার গাবতলীতে প্রস্তাবিত প্লান্টটির জন্য প্রায় ২০০ একর জমি চিহ্নিত করা হয়েছে। প্রাণীর টিকা তৈরি অত্যন্ত জটিল প্রক্রিয়া। নতুন উৎপাদন কেন্দ্র গড়ার আগে তাই বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষা প্রয়োজন।

প্রকল্পটি এখনো বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত হয়নি। ফলে সমীক্ষার জন্য প্রয়োজনীয় অর্থ ছাড় হয়নি বলেও জানান ওই কর্মকর্তা।

তিনি বলেন, ‘সরকার উদ্যোগটিকে বেশ গুরুত্ব দিচ্ছে। তাই অধিদপ্তর শিগগির বরাদ্দ পাবে বলে আশা করা যাচ্ছে।’

সমীক্ষায় টিকার চাহিদা, পরিচালনগত প্রয়োজনীয়তা ও এ-সংক্রান্ত ব্যয় মূল্যায়ন করা হবে। পাশাপাশি পরীক্ষাগারের যন্ত্রপাতি ও রিঅ্যাজেন্টের নকশা, স্পেসিফিকেশন ও ব্যয় প্রাক্কলনও করা হবে। এছাড়া আর্থিক ও অর্থনৈতিক বিশ্লেষণও থাকবে।

দেশে দুটি প্রতিষ্ঠানে সীমিত উৎপাদন

প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিকল্পনা শাখার পরিচালক মোহাম্মদ বজলুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, সাভারে অবস্থিত বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) সরকারি খাতের একটি প্রতিষ্ঠান, যেখানে নানা ধরনের প্রাণীর টিকা উৎপাদনের সুবিধা আছে। কুমিল্লায় প্রাণিসম্পদ অধিদপ্তরের জৈব পণ্য ও ফলিত গবেষণা ইউনিটেও সীমিত পরিসরে টিকা উৎপাদনের সুবিধা রয়েছে। দুটি প্রতিষ্ঠানই প্রায় ৩০ বছর আগে তৈরি স্থাপনায় টিকা উৎপাদন করছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বিএলআরআই বছরে মাত্র ৩২ কোটি ডোজ টিকা উৎপাদন করে। এটি দেশের বার্ষিক চাহিদা ২৬০ কোটি ডোজের মাত্র ১২ দশমিক ৩১ শতাংশ।

বাকিটা আমদানি করতে বছরে প্রায় ৫ হাজার কোটি টাকা খরচ হয় বলে জানিয়েছেন অধিদপ্তরের কর্মকর্তারা।

বাংলাদেশ ১৮টি দেশ থেকে টিকা আমদানি করে। এর মধ্যে রয়েছে হাঙ্গেরি, মরক্কো, ইতালি, দক্ষিণ কোরিয়া, চীন, যুক্তরাষ্ট্র, স্পেন, ফ্রান্স, রাশিয়া, সুদান, জর্ডান, নেদারল্যান্ডস, চেক প্রজাতন্ত্র, মেক্সিকো, জার্মানি, ইন্দোনেশিয়া, ভারত ও জাপান।

অধিদপ্তরের নথি অনুযায়ী, বিএলআরআই বর্তমানে ১৭ ধরনের টিকা উৎপাদন করে। আরও দুটি টিকার চাহিদা তৈরি হয়েছে। ফলে মোট প্রয়োজন দাঁড়িয়েছে ১৯টিতে।

অধিদপ্তরের সাম্প্রতিক তথ্য বলছে, দেশে গবাদি পশু ও হাঁস-মুরগি মিলিয়ে প্রায় ৪৬ কোটি ৫০ লাখ প্রাণী রয়েছে।

চাহিদা ও উৎপাদনে বড় ব্যবধান

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রাণীর টিকা তৈরির আধুনিক প্লান্ট স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। ইশতেহারে দেশীয় উৎপাদন বাড়িয়ে ও সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে আমদানি করা টিকার ওপর নির্ভরতা কমানোর অঙ্গীকার রয়েছে।

তিনি বেশ কয়েকটি টিকার ক্ষেত্রে দেশে চাহিদা ও উৎপাদনের বিশাল ফারাকের কথা তুলে ধরেন। দেশে খুরারোগের টিকার বার্ষিক চাহিদা প্রায় সাড়ে ৩ কোটি ডোজ, অথচ উৎপাদন হয় মাত্র ২০ থেকে ২৬ লাখ ডোজ।

শাহজামান জানান, অন্যান্য টিকার ক্ষেত্রেও ব্যবধান বড়। রানীক্ষেত রোগের টিকার বার্ষিক চাহিদা ২৪ কোটি ৩৬ লাখ ডোজ, স্থানীয় উৎপাদন ৮ কোটি ৭০ লাখ। হাঁসের প্লেগের টিকার চাহিদা ৮ কোটি ৪০ লাখ, উৎপাদন ৩ কোটি ৫৪ লাখ; ফাউল কলেরার টিকার চাহিদা ২২ কোটি ৪০ লাখ, উৎপাদন ১ কোটি ৬০ লাখ; অ্যানথ্রাক্সের টিকার চাহিদা ১ কোটি ডোজ, উৎপাদন ৮০ লাখ।

মন্ত্রী ও বিশেষজ্ঞের মত

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সম্প্রতি একটি অনুষ্ঠানে বলেন, স্বয়ংসম্পূর্ণতা অর্জনে প্রাণীর টিকা উৎপাদনে দেশের সক্ষমতা গড়ে তোলা জরুরি। গবেষণা, উদ্ভাবন ও প্রশিক্ষিত বিজ্ঞানীতে বিনিয়োগ করলে আমদানি ব্যয় কমবে, রোগের প্রাদুর্ভাবে দ্রুত সাড়া দেওয়া যাবে, কৃষকের আয় সুরক্ষিত থাকবে ও দীর্ঘমেয়াদি খাদ্যনিরাপত্তা জোরদার হবে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক হাফিজা খাতুন বলেন, উদ্যোগটি ইতিবাচক হলেও খামার ব্যবস্থাপনার উন্নতি, কৃষক সচেতনতা বাড়ানো ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায়ও বেশি গুরুত্ব দেওয়া উচিত।

তিনি বলেন, ‘রোগের প্রাদুর্ভাব ঠেকাতে ও উৎপাদনশীলতা বাড়াতে যথাযথ ব্যবস্থাপনা ও জৈবনিরাপত্তা ব্যবস্থা অপরিহার্য। সরকারি বিনিয়োগে কৃষককে সরাসরি সহায়তা, পুষ্টি সম্পূরক ও প্রাণিসম্পদ উন্নয়নের মতো অন্যান্য গুরুত্বপূর্ণ খাতেও বেশি মনোযোগ দেওয়া উচিত।’

RELATED ARTICLES

Most Popular