প্রাচীন মহাকাব্য মহাভারতের অন্যতম বিশেষ চরিত্র শকুন্তলা। তপোবনে বেড়ে ওঠা এই আশ্রমকন্যার প্রেম, বেদনা-বিধুর ভাগ্য, স্মৃতি-বিস্মৃতি সব মিলিয়ে এক রোমাঞ্চকর পৌরাণিক আখ্যান ‘শকুন্তলা’।
শনিবার সন্ধ্যায় গুলশান সোসাইটির আয়োজনে লেক পার্কে ধ্রুপদী নৃত্যনাট্যের মাধ্যমে এই আখ্যানটি মঞ্চস্থ করে নৃত্যদল ভাবনা। এর নির্দেশনায় ছিলেন সামিনা হোসেন প্রেমা।
মহাকবি কালিদাসের বিখ্যাত সংস্কৃত নাটক ‘অভিজ্ঞানশকুন্তলম’ নাচের মাধ্যমে মঞ্চায়নে এক মোহনীয় আবহ তৈরি হয় লেক পাড়ে। অনুষ্ঠানে গুলশানসহ রাজধানীর বিভিন্ন স্থানের সংস্কৃতিপ্রেমীরা সমবেত হন।
আয়োজনের মূল উদ্যোক্তা গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত বলেন, ‘ইট-পাথরের এই শহরে আমরা যানজট আর হর্নের শব্দ শুনতেই অভ্যস্ত। কিন্তু এর বাইরেও আমাদের মনে প্রেম-ভালোবাসা ও একটা শিল্পসত্ত্বা রয়েছে। শকুন্তলা নৃত্যনাট্য আয়োজনের মধ্য দিয়ে আমরা শিল্প-সাহিত্য সংস্কৃতির ধারাকে প্রবাহিত করার একটা প্রয়াস চালিয়েছি।’
