সংগীতে এন্ড্রু কিশোরের নাম এলেই সামনে আসে তার কণ্ঠের অসংখ্য জনপ্রিয় সিনেমার গানের কথা। ‘প্লেব্যাক সম্রাট’ হিসেবে পরিচিত তিনি। কয়েক দশক ধরে বাংলা চলচ্চিত্রের সংগীতকে সমৃদ্ধ করেছেন। কিন্তু চলচ্চিত্রের বাইরে আধুনিক গানেও ছিল তার স্বতন্ত্র পরিচয়।
অডিওর একক অ্যালবাম ও আধুনিক গানে তার রয়েছে অজানা অধ্যায়।
১৯৫৫ সালের ৪ নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন এন্ড্রু কিশোর। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি ছিল তার গভীর আগ্রহ। সংগীতগুরু আবদুল আজিজ বাচ্চুর কাছে গানের তালিম নেন। শাস্ত্রীয় সংগীতের পাশাপাশি রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, আধুনিক গান, লোকসংগীত ও দেশাত্মবোধক গানে প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। স্বাধীনতার পর রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবেও গান করেছেন।
এন্ড্রু কিশোরের সংগীতজীবনের শুরু সিনেমার প্লেব্যাককে কেন্দ্র করে ছিল না। সংগীতের শুরুতে শাস্ত্রীয় সংগীতের চর্চা করলেও একপর্যায়ে আধুনিক গানের প্রতি তার আগ্রহ তৈরি হয়। আধুনিক গানের শিল্পী হিসেবে নিজেকে তৈরি করার পরই সিনেমার প্লেব্যাকে তার প্রবেশ। ১৯৭৭ সালে সিনেমার গান গাওয়া শুরু করেন তিনি। এরপর ধীরে ধীরে চলচ্চিত্রের গানে এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে, একক আধুনিক গানের অ্যালবাম করার সুযোগ খুব বেশি পাননি।
এন্ড্রু কিশোরের অডিও অ্যালবামের সংখ্যা তুলনামূলকভাবে কম। কারণ, জীবনের বেশিরভাগ সময় সিনেমার গানে প্লেব্যাক করেছেন। তবে অডিও অ্যালবামে কণ্ঠশিল্পীর কিছু উল্লেখযোগ্য কাজ রয়েছে।
‘ভুল সবই ভুল’ নামে এন্ড্রু কিশোরের একক অডিও অ্যালবাম রয়েছে। অ্যালবামটির শিরোনাম গানসহ বেশ কয়েকটি গান শ্রোতাদের মধ্যে আলোচিত হয়েছিল। গানগুলো হচ্ছে—শোনো গো চাঁদ শোনো তারা, তানপুরাটার মতো, যার কারণে কান্দেরে মন, ভালোবাসা মরে গেছে, ভুল বুঝে তোমাকে কষ্ট দিয়েছি…
তার কণ্ঠে আরেকটি একক অডিও অ্যালবাম ‘বড় মনে পড়ে’। অ্যালবামটির কয়েকটি গান হলো—প্রিয়তমা, সুখের দিনে, মানুষ জন্ম দিয়ে, সুখের বাসরে তুমি…
‘অন্তরের আপন তুমি’ শিরোনামে আরেকটি অডিও অ্যালবামে গান গেয়েছিলেন এন্ড্রু কিশোর। অ্যালবামের কয়েকটি গানের হলো—কোন আসমানে, হদয়ের কথা, পরান বন্ধুরে…
আরেক খ্যাতিমান কণ্ঠশিল্পী মিতালী মুখার্জীর সঙ্গে ‘প্রাণের মাঝে তুমি’ নামে দ্বৈত কণ্ঠের অডিও অ্যালবাম রয়েছে। এই অ্যালবামে প্রতিদিন ভোর হয়, যে মুখ দেখে দেখে, মন বাগানে ইত্যাদি গান রয়েছে।
‘আধুনিক গান’ শিরোনামে একটি একক অডিও অ্যালবাম রয়েছে। এই অ্যালবামে গান লিখেছেন আহমেদ ইউসুফ সাবের, সুর করেছেন আবিদ হোসেন। গানগুলো হলো—আজ থেকে তুমি আমি, কোনো সন্ধ্যায়, মনের ভেতর বসত করে…
এছাড়া, প্রণব ঘোষের সুরে ‘অনুতাপে জ্বলছি’, মান্নান মোহাম্মদের সুরে ‘অন্তর বাহিরে তুমি’ শিরোনামে একক অ্যালবাম রয়েছে।
জনপ্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’-তে গাওয়া মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা ও আলী আকবর রুপুর সুরে ‘পদ্মপাতার পানি নয়’ গানটি সিনেমার বাইরে একটি আলোচিত গান। কিংবদন্তি লেখক সৈয়দ শামসুল হকের লেখা ও আলম খানের সুরে ‘ফুলের গন্ধের মতো থেকে যাব তোমার রুমালে’ গানটি একটি আলোচিত আধুনিক গান।
এন্ড্রু কিশোর আধুনিক গান থেকে কখনো পুরোপুরি বিচ্ছিন্ন হননি। সুযোগ পেলেই অডিও অ্যালবাম, টেলিভিশনের অনুষ্ঠান ও বিশেষ সংগীতায়োজনে অংশ নিয়েছেন।
