Homeসারাদেশঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ঝড়-বৃষ্টি, উত্তরাঞ্চলে ডুবল আলুর খেত

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ঝড়-বৃষ্টি, উত্তরাঞ্চলে ডুবল আলুর খেত

প্রায় দেড় লাখ টাকা খরচ করে চার বিঘা জমিতে আলু চাষ করেছেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শাখারঞ্জ গ্রামের কৃষক পরিমল মালি। এর মধ্যে ১৪ দিন আগে দুই বিঘা জমিতে ও পাঁচ দিন আগে বাকি অর্ধেক জমিতে তিনি আলুর বীজ বপণ করেন।

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ঝড়-বৃষ্টিতে তার ফসলের মাঠজুড়ে জমেছে পানি।

পরিমল, তার স্ত্রী জলি রানী ও ছেলে বিজয় মালিকে গতকাল রোববার দুপুরে আলু খেত থেকে থালা-বাটি দিয়ে পানি সেচতে দেখা যায়।

‘কয়েক দিনের বৃষ্টিতে আলুর খেত পানিতে ডুবে গেছে। তাই সকাল থেকে স্ত্রী-সন্তানকে নিয়ে জমির পানি বের করার চেষ্টা করছি,’ দ্য ডেইলি স্টারকে বলেন পরিমল।

তিনি বলেন, আরও দু-এক দিন জমিতে পানি জমে থাকলে আলু পচে নষ্ট হয়ে যাবে। সব আলু নষ্ট হলে বড় ধরনের আর্থিক ক্ষতি হবে।

একই চিত্র দেখা গেছে জয়পুরহাটের কালাই উপজেলার বামনগ্রামের মাঠে। এ গ্রামে শত শত বিঘা জমিতে আলুর আবাদ হয়েছে। প্রায় প্রতিটি জমিতেই বৃষ্টির পানি জমে আছে। কৃষকেরা কেউ হাত দিয়ে, কেউ থালা-বাটি দিয়ে, আবার কেউ সেচপাম্প ব্যবহার করে জমি থেকে পানি সরানোর চেষ্টা করছেন।

বামনগ্রামের মাঠে বাটি দিয়ে জমির পানি সরাতে দেখা যায় হাফেজা বেগমকে।

তিনি জানান, বৃষ্টির দুদিন আগে কয়েক বিঘা জমিতে আলু বপন করেছিলেন। এখন আরেক নারীকে সঙ্গে নিয়ে জমি থেকে পানি সরানোর চেষ্টা করছেন।

ছয় বিঘা জমিতে আলু বপন করেছে একই গ্রামের কৃষক কেরামত আলী। তিনি ডেইলি স্টারকে বলেন, প্রতি বিঘায় তার খরচ হয়েছে প্রায় ৩০ হাজার টাকা।

‘এখন সব জমি পানির নিচে। আলু পচে গেলে আর ফলন পাওয়া যাবে না,’ যোগ করেন তিনি।

কেরামত আরও বলেন, ‘গত দুই বছর আলু চাষ করে অনেক লোকসান হয়েছে। এবার ঋণ নিয়ে লাভের আশায় আগেভাগে আলু চাষ করেছিলাম। কিন্তু হঠাৎ এই বৃষ্টিতে সব শেষ হয়ে গেল। এই ক্ষতি আগামী ১০ বছরেও পুষিয়ে নেওয়া সম্ভব হবে না।’

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে গত তিন দিনের ঝড়-বৃষ্টিতে জয়পুরহাট ও বগুড়ার কৃষকেরা ফসলের বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন। শুধু জয়পুরহাটেই খরিপ-২ ও রবি মৌসুমের ৯ হাজার ৭৪১ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। এর মধ্যে আলু রয়েছে ১ হাজার ২৩৭ হেক্টর জমিতে।

এই বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা করছেন উত্তরাঞ্চলের আলুচাষিরা। তবে নিচু জমির ধানও তলিয়ে গেছে।

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ এলাকার কৃষক তাজুল ইসলাম বলেন, ‘দুই বিঘা জমি পত্তন নিয়ে ধান চাষ করেছিলাম। হঠাৎ বৃষ্টিতে ধান তলিয়ে গেছে। পাকা ধান কাটতে মাঠে এসেও কাটতে পারছি না।’

জয়পুরহাটে ধান ও আলু ছাড়াও ১৯২ হেক্টর জমির সরিষা, ২২ হেক্টর জমির পেঁয়াজ ও ৪৫ হেক্টর জমির শাকসবজি আক্রান্ত হয়েছে।

বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলায় ঝড়-বৃষ্টিতে ১ হাজার ৫৪১ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১ হাজার ১৪৫ হেক্টর জমির আমন ধান, ১০৫ হেক্টর জমির আলু, ২১৩ হেক্টর জমির সরিষা, ৫২ হেক্টর জমির শাকসবজি ও ১০ হেক্টর জমির মরিচ রয়েছে।

গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলায় ২৯৮ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে।

জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) রবিউল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ঝড়-বৃষ্টিতে জেলায় ৯ হাজার ৭৪১ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। তবে এক-দুই দিনের মধ্যে পানি শুকিয়ে গেলে ক্ষতির ঝুঁকি কমবে। ঝড়-বৃষ্টিতে কী পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে, তা এখনই বলা সম্ভব নয়। কয়েক দিন পর ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যাবে।’

RELATED ARTICLES

Most Popular