আবারও নৌকা ডুবে অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৈধ কাগজপত্রবিহীন অভিবাসনপ্রত্যাশীদের জন্য ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে পৌঁছানোর অত্যন্ত বিপজ্জনক একটি উপায় হলো নৌকায় চেপে গ্রিসে পৌঁছানো।
বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিসের ক্রিট দ্বীপে পৌঁছানোর চেষ্টায় ২০ জনের মৃত্যু হয়েছে।
গ্রিসের কোস্টগার্ড জানিয়েছে, একটি নৌযানে ৮ জন এবং অন্যটিতে ১২ জনের মরদেহ পাওয়া গেছে। নৌযান দুটি থেকে প্রায় ৪০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
কোস্টগার্ড জানায়, শনিবার গভীর রাতে একটি নৌযান থেকে বিপৎসংকেত পাওয়ার পর জরুরি উদ্ধার অভিযান শুরু করে নৌপুলিশ। এ সময় প্রবল বাতাসের কারণে সাগর উত্তাল ছিল।
এর আগে রোববার তারা জানায়, একটি নৌযান থেকে ২৮ জীবিত ব্যক্তি ও একজনের মরদেহ উদ্ধার করা হয়। তারা সবাই সুদানের নাগরিক। পরে তাদের পুলিশের নৌযানে স্থানান্তর করে ক্রিটে নেওয়া হয়।
জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে মানবপাচারকারী সন্দেহে সুদানের দুই নাগরিককে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড কর্তৃপক্ষ। তাদের একজনের বয়স ১৬ বছর।
কোস্টগার্ড জানায়, রোববার রাত থেকে সোমবারের মধ্যে তাদের নৌযানটি খুঁজে পাওয়া যায়। সেটিতে আরও সাতজনের মরদেহ ছিল।
এ ছাড়া সোমবার দ্বীপটির দক্ষিণে আরেকটি নৌযানে ১২ জনের মরদেহ পাওয়া যায়। সেখান থেকে ১৮ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানায় কোস্টগার্ড।
অভিবাসনপ্রত্যাশীরা মূলত লিবিয়া থেকে যাত্রা শুরু করেন। সমুদ্রপথ পাড়ি দিয়ে গ্রিসে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে পৌঁছানোই তাদের লক্ষ্য।
তবে প্রায়ই এ ধরনের যাত্রায় দুর্ঘটনার মুখে পড়ে নৌযানগুলো। নিয়মিত নৌকা ডুবে অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুর খবর আসে সংবাদমাধ্যমে।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৬ সালে এ পর্যন্ত ৩৭ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী গ্রিসে পৌঁছেছেন।
তাদের মধ্যে ২২ হাজারের বেশি মানুষ ক্রিট দ্বীপে পৌঁছেছেন।
অভিবাসনপ্রত্যাশীদের ঢেউ মোকাবিলায় ক্রিট দ্বীপের সবচেয়ে বড় শহর হেরাক্লিয়নের কাছে অস্থায়ী আবাসনকেন্দ্র খোলার পরিকল্পনা ঘোষণা করেছে গ্রিস সরকার।
