Homeসারাদেশজয়দেবপুরে আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৩

জয়দেবপুরে আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৩

গাজীপুরের জয়দেবপুরে আসামি ছিনিয়ে নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার দুপুরে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গাজীপুর সদর থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য ও রেলওয়ে পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে গত রাতে শহরের বিভিন্ন স্থান থেকে শুভ আহমেদ (২০), মো. ইয়াসিন (২৬) ও সারোয়ার হোসেন হৃদয় (২৩) নামে তিন যুবককে গ্রেপ্তার করেছে।

এর গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে আটক মোসা. সিমলা (২২) ও মো. আনিসকে (১৮) ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে ফাঁড়িতে ঢুকে ১৫ থেকে ২০ জন পুলিশের ওপর হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্য টিএসআই নুরুল ইসলাম ও কনস্টেবল আশিক আহত হন। পরবর্তীতে তারা গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

ফারুক জানান, হামলাকারীদের কাছে চাপাতিসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ছিল। তবে তারা আসামি ছিনিয়ে নিতে ব্যর্থ হয়েছে।

এ ঘটনায় টিএসআই নুরুল ইসলাম বাদী হয়ে দুটি মামলা দায়ের করেছেন। এর মধ্যে মাদক মামলায় সিমলা ও মো. আনিসকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আনিসের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও থানা এলাকায়। তার বাবার নাম হারেছ মিয়া। গাজীপুরে তিনি ২৭ নম্বর ওয়ার্ডের ডাক্তার বাড়ি এলাকায় থাকতেন। সিমলা গাজীপুরের ২৯ নম্বর ওয়ার্ডের বাঁশতলা চা বাগান এলাকার মো. সেলিম মিয়ার মেয়ে।

পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের মামলায় শুভ, ইয়াসিন ও হৃদয় গ্রেপ্তার হয়েছেন। তবে পুলিশ তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি।

‘তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে,’ বলেন ফারুক।

RELATED ARTICLES

Most Popular