Homeসারাদেশজামালপুরে সীমান্তের শূন্যরেখায় দেখা যাচ্ছে না সেই নারীকে

জামালপুরে সীমান্তের শূন্যরেখায় দেখা যাচ্ছে না সেই নারীকে

জামালপুরের দেওয়ানগঞ্জে বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখায় টানা পাঁচ দিন অবস্থান করা সেই নারীকে আর দেখা যাচ্ছে না।

আজ রোববার সকাল থেকে সীমান্তের ওই স্থানে তার উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরের চর সীমান্ত দিয়ে দিয়ে আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারীকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ।

তবে বিজিবি সদস্য ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। এরপর থেকেই শূন্যরেখায় অবস্থান করছিলেন তিনি। সেখানে টানা পাঁচ দিন খোলা আকাশের নিচে অপেক্ষা করতে দেখা যায় তাকে।

রোববার সকালে ওই নারীকে শূন্যরেখায় দেখতে না পেয়ে স্থানীয় বাসিন্দারা ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান চৌধুরীকে খবর দেন। তিনি জানান, ঘটনাস্থলে গিয়ে ওই নারীর কোনো সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম বলেন, আমি গতকাল সন্ধ্যায় দেখে এসেছি। আজ সারা দিন সেখানে কাজ করলাম তাকে আর আজ দেখিনি।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, সম্ভবত তাকে ভারতের ভেতরে নিয়ে যাওয়া হয়েছে।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন বলেন, শনিবার ওই নারী যেখানে অবস্থান করছিলেন, রোববার সেখানে তাকে পাওয়া যায়নি।

এদিকে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার ও চোরাচালান রোধে নজরদারি বাড়িয়েছে জামালপুর ৩৫ বিজিবি। এর অংশ হিসেবে শনিবার ব্যাটালিয়নের আওতাধীন ৭২ কিলোমিটার সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে ৩৫টি সিসিটিভি ক্যামেরা ও ১৭টি সার্চলাইট স্থাপন করা হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, পর্যায়ক্রমে পুরো ৭২ কিলোমিটার সীমান্তেই এসব ক্যামেরা ও সার্চলাইট বসানো হবে।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, আজ সকাল থেকে সেখানে তাকে দেখা যায়নি।

বিএসএফ তাকে ফিরিয়ে নিয়েছে কি না, জানতে চাইলে বিজিবির ওই কর্মকর্তা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

RELATED ARTICLES

Most Popular