Homeসারাদেশজীবিকার তাগিদে লাশ টানেন নূর ইসলাম, মানুষ বাঁচাতে পাহারা দেন রেলক্রসিং

জীবিকার তাগিদে লাশ টানেন নূর ইসলাম, মানুষ বাঁচাতে পাহারা দেন রেলক্রসিং

জীবিকার তাগিদে লাশ টানার কাজ করেন নূর ইসলাম। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার হয়ে ব্যাটারিচালিত ভ্যানে করে মরদেহ বহন করেন তিনি। নিজের কোনো জমি নেই। থাকেন রেলওয়ে স্টেশনের এক টুকরো জমিতে।

পাঁচ বছরেরও বেশি সময় ধরে জীবিকার এই কাজের পাশাপাশি আরও একটি দায়িত্ব পালন করছেন ৬৪ বছর বয়সী এই ব্যক্তি। আর তা হলো, একটি রেলক্রসিং পাহারা দেওয়া। এই ক্রসিংয়েই চোখের সামনে দুজন মানুষকে ট্রেনে কাটা পড়ে মারা যেতে দেখেছিলেন তিনি।

এরপর থেকে পরিবারের সদস্যদের নিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভার জগথা এলাকার একটি অননুমোদিত রেলক্রসিংয়ে স্বেচ্ছায় পাহারা দিয়ে আসছেন নূর ইসলাম। ট্রেন আসার সংকেত পেলেই বাঁশের তৈরি অস্থায়ী ব্যারিয়ার নামিয়ে যানবাহন চলাচল বন্ধ করেন।

২০২১ সালের ১১ জানুয়ারি ওই রেলক্রসিংয়ে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনার পরই শুরু হয় তার এই উদ্যোগ। সেদিন গেটম্যান না থাকায় ট্রেনে কাটা পড়ে প্রাণ হারান দুজন।

পীরগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. সোহরাব হোসেন সুজন জানান, ঠাকুরগাঁও জজ কোর্টের কর্মচারী রুহুল আমিন (৪৫) ও তার সাবেক সহকর্মী আবদুস সোবহান (৫৯) আদালতের একটি নোটিশ জারি করতে মোটরসাইকেলে করে পীরগঞ্জ উপজেলায় যাচ্ছিলেন। পথে জগথা গ্রামের রেলক্রসিংয়ে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তাদের মৃত্যু হয়।

নূর ইসলাম ওই দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন। চোখের সামনে দুজনের এমন মর্মান্তিক মৃত্যু তাকে গভীরভাবে নাড়া দেয়। দুর্ঘটনার পরদিনই নিজ উদ্যোগে পাহারার কাজ শুরু করেন তিনি। বাঁশ ও দড়ি কিনে তৈরি করেন একটি অস্থায়ী প্রতিবন্ধক।

সেই থেকে টানা পাহারা দিয়ে যাচ্ছেন নূর ইসলাম। ট্রেনের হুইসেলের শব্দ শুনলেই সতর্ক হন। ট্রেন আসার আভাস পেলেই দ্রুত ছুটে গিয়ে নামিয়ে দেন প্রতিবন্ধকটি। তবে ট্রেন চলাচলের বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে কোনো আগাম তথ্য পান না তিনি।

নূর ইসলাম তার স্ত্রী, পাঁচ ছেলে ও নাতি-নাতনিদের নিয়ে রেলস্টেশনের উত্তরে এক টুকরো জমিতে বসবাস করেন। লাশ টানার কাজের কারণে প্রায়ই তাকে বাড়ির বাইরে থাকতে হয়, তবে ক্রসিং পাহারা দেওয়ার দায়িত্ব কেবল তার একার কাঁধেই থাকে না। তার অনুপস্থিতিতে পরিবারের সদস্যরা পালাক্রমে পাহারা দেওয়ার দায়িত্ব পালন করেন।

গত সপ্তাহের শুরুর দিকে ক্রসিংয়ে গিয়ে দেখা যায়, একটি ট্রেন এগিয়ে আসছে। আর দুই পাশে মোটরসাইকেল, ইজিবাইক ও অন্যান্য যানবাহন অপেক্ষা করছে।

রেললাইনের পাশে দাঁড়িয়ে নূর ইসলাম বাঁশের প্রতিবন্ধকটি ধরে দড়ি টেনে নামিয়ে রেখেছেন। ট্রেনটি চলে যাওয়ার পর তিনি দড়ি ছেড়ে দিয়ে প্রতিবন্ধকটি তুলে দেন এবং যানবাহনগুলোকে আবার চলাচলের সুযোগ করে দেন।

তিনি বলেন, ‘নিজের চোখের সামনে ট্রেনে কাটা পড়ে দুজন মানুষকে মারা যেতে দেখেছি। ওই ঘটনার পর আমি ঠিক করি, অন্যদের জীবন বাঁচাতে আমার সাধ্যমতো যা করা সম্ভব তা-ই করব।’

শুরুতে নূর ইসলাম একাই এই দায়িত্ব পালন করলেও ধীরে ধীরে তার পরিবারের সদস্যরাও এতে যুক্ত হন। এখন পরিবারের সবাই মিলে রেলক্রসিংটি পাহারা দেন। এমনকি তার প্রতিবন্ধী নাতি বিশাল হোসেনও নিয়মিত এ কাজে সাহায্য করে।

নূর ইসলামের স্ত্রী সালমা বেগম জানান, শুরুতে দায়িত্বটি ঝামেলার মনে হলেও ধীরে ধীরে তা তাদের জীবনের অংশ হয়ে উঠেছে।

তিনি বলেন, ‘আমরা এখন এই দায়িত্বে অভ্যস্ত হয়ে গেছি।’

নূর ইসলামের ছেলে নওশাদ হোসেন বলেন, বাবার এই উদ্যোগের সঙ্গে পুরো পরিবারই রয়েছে।  তিনি বলেন, ‘আমার বাবা অন্যদের জন্য নিঃস্বার্থভাবে কাজ করছেন। আমরা তাকে সমর্থন ও উৎসাহ দিই।’

প্রতিবেশী মো. সাগর হোসেন জানান, নূর ইসলাম নিজের টাকায় বাঁশ ও দড়ি কিনে এই অস্থায়ী ব্যারিয়ার বা প্রতিবন্ধক তৈরি করেছেন। তার এই স্বেচ্ছাসেবামূলক কাজের জন্য কখনো কারও কাছে টাকা চাননি।

নিয়মিত যাতায়াতকারীদের কাছে নূর ইসলামের উপস্থিতি এখন ক্রসিংটির নিরাপত্তার ভরসা হয়ে উঠেছে।

মিলন নামের এক মোটরসাইকেল আরোহী বলেন, দিনে অন্তত তিন থেকে চারবার এই ক্রসিং দিয়ে যাতায়াত করেন তিনি। নূর ইসলাম পাহারায় না থাকলে সেখানে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলে মনে করেন তিনি।

মিলন বলেন, রাস্তায় যানবাহনের চাপ যেমনই থাকুক না কেন, ট্রেনের শব্দ শুনলেই তিনি ক্রসিংয়ের দিকে ছুটে আসেন। অথচ এই কাজের বিনিময়ে তিনি কারও কাছে একটি টাকাও চান না।

নূর ইসলাম জানান, দিন ও রাত মিলিয়ে ছয়টি ট্রেন এই ক্রসিং দিয়ে চলাচল করে।

পঞ্চগড়গামী দোলনচাঁপা এক্সপ্রেস সকাল ৭টার দিকে পার হয়, এরপর সকাল সাড়ে ৮টার দিকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস, সকাল ১০টার দিকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস, দুপুর ১টার দিকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস, বিকেল ৪টার দিকে আঞ্চলিক কাঞ্চন এক্সপ্রেস এবং রাত সাড়ে ১০টার দিকে ঢাকাগামী একতা এক্সপ্রেস এই পথ অতিক্রম করে।

তিনি বলেন, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ট্রেনগুলো মোটামুটি নির্দিষ্ট সময়সূচি মেনে চললেও দিনাজপুর রেলওয়ে স্টেশন হয়ে আসা ট্রেনগুলোর পার হওয়ার নির্দিষ্ট কোনো সময় নেই।

তবে কখন কাজ করতে হবে, তা জানার জন্য নূর ইসলাম ট্রেনের সময়সূচির ওপর নির্ভর করেন না।

তিনি বলেন, ‘যখনই ট্রেনের হুইসেল শুনি, আমরা ক্রসিংয়ের দিকে দৌড়ে যাই। দড়ি টেনে বাঁশ নামাই এবং ট্রেন চলে যাওয়ার পর আবার তা তুলে দিই।’

যোগাযোগ করা হলে স্টেশন মাস্টার সোহরাব হোসেন বলেন, জগথা ক্রসিংটি অননুমোদিত এবং দুর্ঘটনা রোধে সহায়তা করতে নূর ইসলাম স্বেচ্ছায় এই দায়িত্ব পালন করছেন।

রেলওয়ে কর্তৃপক্ষ নূর ইসলামকে ট্রেন আসা-যাওয়ার তথ্য জানায় কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা তা জানান না; কারণ তাকে এ ধরনের তথ্য দেওয়ার কোনো বিভাগীয় নির্দেশনা নেই।

লালমনিরহাট রেলওয়ে কার্যালয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. ফেরদৌস দ্য ডেইলি স্টারকে বলেন, স্টেশনের মূল নকশায় কোনো লেভেল-ক্রসিং গেট অন্তর্ভুক্ত ছিল না।

কবে নাগাদ একটি গেটের অনুমোদন দেওয়া হতে পারে জানতে চাইলে তিনি বলেন, প্রকৌশল বিভাগের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করার পরই কেবল তিনি এ বিষয়ে মন্তব্য করতে পারবেন।

RELATED ARTICLES

Most Popular