Homeসারাদেশঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোট গণনা চলছে

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোট গণনা চলছে

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা। ভোটগ্রহণ চলার সময় একটি কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৮টায় ১৮৫টি কেন্দ্রে ভোট শুরু হয়, চলে বিকেল ৪টা পর্যন্ত।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, দুপুর ২টা পর্যন্ত মোট ৫২ শতাংশ ভোট পড়েছে।

এ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ প্রার্থী। তাদের মধ্যে রয়েছেন, বিএনপি সমর্থিত মির্জা ফয়সল আমীন (ধানের শীষ প্রতীক নিয়ে) এবং জামায়াত নেতৃত্বাধীন জোটের দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে)।

অন্য প্রার্থীরা হলেন—ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম (হাতপাখা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী (বটগাছ) ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।

দুপুরে দানারহাট আনসারিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করা হয় বলে জানিয়েছেন ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. আবু সায়েম।

আটক ব্যক্তিরা হলেন—আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হিমেল (১৭), আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী সিয়াম (১৬) ও মিনহাজ (১৮)।

তিনজনই স্থানীয় বাসিন্দা বলে জানান আবু সায়েম।

তিনি বলেন, ‘ওই তিনজন লাইনে দাঁড়ালে তাদের পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আকাশ। এসময় জাতীয় পরিচয় পত্র (এনআইডি) কার্ড দেখতে চাইলে তিনজনই তা দেখাতে ব্যর্থ হয়। পরে ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’

ঠাকুরগাঁও সদর, ভুল্লী ও রুহিয়া উপজেলা নিয়ে গঠিত এই নির্বাচনী আসনে মোট ভোটার সংখ্যা পাঁচ লাখ ১৬ হাজার ১৩৮ জন।

গত ২১ আগস্ট ঠাকুরগাঁও-১ আসনের তৎকালীন সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে শপথ নিলে আসনটি শূন্য হয়।

RELATED ARTICLES

Most Popular