Homeসারাদেশবিমানের যান্ত্রিক ত্রুটিতে ৫ ঘণ্টা বিলম্ব, ঢাকার পথে প্রধানমন্ত্রী

বিমানের যান্ত্রিক ত্রুটিতে ৫ ঘণ্টা বিলম্ব, ঢাকার পথে প্রধানমন্ত্রী

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে কারিগরি ত্রুটির কারণে প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বের পর টোকিও থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীরা।

আজ বৃহস্পতিবার রাতে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমান।

এতে বলা হয়, প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বের পর বাংলাদেশ সময় রাত ৭টা ৫৫ মিনিটে উড়োজাহাজটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। জাপান সময় তখন রাত ১০টা ৫৫ মিনিট।

রাত ৩টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটির অবতরণের কথা রয়েছে।

বিমান জানায়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং সংস্থাটির উপব্যবস্থাপনা পরিচালকের উপস্থিতিতে তাদের প্রকৌশলীরা ও জাপানি কারিগরি বিশেষজ্ঞরা ত্রুটি সারান। বাংলাদেশ সময় রাত ৭টা ৪৩ মিনিটে উড়োজাহাজটিকে পুশব্যাক করা হয়। এর ১২ মিনিট পর সেটি নিরাপদে উড্ডয়ন করে।

দ্য ডেইলি স্টারের লিখিত প্রশ্নের জবাবে বিমান জানায়, রানওয়ের দিকে ট্যাক্সি করার সময় উড়োজাহাজটির ১ নম্বর হাইড্রোলিক স্পয়লারে ত্রুটি দেখা দেয়। ফ্লাইট কন্ট্রোল সিস্টেমের ১ নম্বর স্পয়লার ফ্লাইট কন্ট্রোল ইলেকট্রনিকসের (ফ্লাইট কন্ট্রোল কম্পিউটার) নির্দেশনা অনুসরণ করছিল না।

স্পয়লার হলো—উড়োজাহাজের ডানায় থাকা চলমান প্যানেল, যা উড়োজাহাজের গতিবিধি নিয়ন্ত্রণে সহায়তা করে।

উড্ডয়নের আগে পরীক্ষায় ত্রুটিটি ধরা পড়েনি কেন, এমন প্রশ্নের জবাবে বিমান জানায়, উড্ডয়ন-পূর্ব পরীক্ষায় কোনো ত্রুটি পাওয়া যায়নি। উড়োজাহাজটি ট্যাক্সি করা শুরু করার পরই সমস্যাটি দেখা দেয়। এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজটির ফ্লাইট নম্বর ছিল বিজি৩৭৭। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় নারিতা থেকে উড্ডয়ন করে বাংলাদেশ সময় রাত ১০টা ৩৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল এটির।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৭ মিনিটের দিকে উড়োজাহাজটি চলতে শুরু করে। এর পাঁচ মিনিট পর ক্যাপ্টেন যাত্রীদের জানান, উড়োজাহাজে কারিগরি সমস্যা শনাক্ত হয়েছে এবং প্রকৌশলীরা তা সমাধানের চেষ্টা করছেন।

প্রায় ৪০ মিনিট পর ক্যাপ্টেন আবার ঘোষণা দিয়ে জানান, সমস্যার সমাধানে কাজ চলার মধ্যে উড়োজাহাজটি আগের অবস্থানে ফিরিয়ে নেওয়া হচ্ছে। পরে উড়োজাহাজটিকে পার্কিং অ্যাপ্রনে ফিরিয়ে আনা হয় এবং যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে ২৬ থেকে ২৯ অক্টোবর চার দিনের সরকারি সফরে জাপান যান তারেক রহমান।

RELATED ARTICLES

Most Popular