কক্সবাজারের রামু উপজেলায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই শিশুসহ আহত হয়েছেন আরও চারজন।
আজ শুক্রবার বিকেলে সাড়ে ৩টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে এ ঘটনা ঘটে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল, তার বোন কাশিফা জান্নাত (২০), শিশু সাহিল (৩) ও পাঁচ মাস বয়সী মাশরুফা।
আহতরা হলেন—রুবেলের স্ত্রী তানিয়া (২২), কাশিফার স্বামী সাকিল ও আরও দুই শিশু। তাদের কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, তানিয়ার অবস্থা আশঙ্কাজনক।
ওসি এ কে ফজলুল হক বলেন, অরক্ষিত রেলক্রসিংয়ে রেললাইন পার হওয়ার সময় অটোরিকশাটিকে ট্রেন ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের স্বজন মনোয়ারা বেগম ডেইলি স্টারকে বলেন, জোহরের নামাজের পর তারা রামুর উমখালীতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিং এলাকায় পৌঁছালে ট্রেনের ধাক্কায় তাদের অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
কক্সবাজার আইকনিক রেল স্টেশনের মাস্টার জয়নাল আবেদিন বলেন, ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশের কক্সবাজার আইকনিক থানার ওসি মোজাফফর আহমেদ বলেন, দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয়।
