নামে নিলাম হলেও মূলত হিসাবটা টাকায় নয়, হচ্ছে পয়েন্টে। তবে তাতেও ঘরোয়া তিন সংস্করণের সমন্বয়ের আসর ডি থ্রিতে কোন ক্রিকেটারদের নিয়ে আগ্রহ সবচেয়ে বেশি তা স্পষ্ট হলো। ‘এ’ ক্যাটাগরিতে সবচেয়ে বেশি কাড়াকাড়ি হলো বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে নিয়ে। সর্বোচ্চ ২ কোটি ৩০ লাখ পয়েন্টে তাকে দলে ভিড়িয়েছে সিটিজেন ব্যাংক।
২ কোটির বেশি পয়েন্টে দল পেয়েছেন আরও দুজন। ২ কোটি ১০ লাখ পয়েন্টে ওয়ালটনে গেছেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ। ২ কোটি পয়েন্টে ফরচুনে জায়গা হয়েছে ওপেনার তানজিদ হাসান তামিমের।
রাজধানীর পাঁচ তারকা হোটেলে সোমবার সকালে ভারতের জনপ্রিয় উপস্থাপক চারু শর্মার সঞ্চালনায় শুরু হয় এই নিলাম।
মূলত খেলোয়াড়দের পারিশ্রমিক আগে থেকে চূড়ান্ত থাকায় প্লেয়ার্স ড্রাফট থেকে ভিন্নতা আনতে পয়েন্ট সিস্টেম চালু করা হয়। অংশ নেওয়া ছয় দলকেই খরচের জন্য দেওয়া হয় ১০ কোটি পয়েন্ট। এটি খেলোয়াড়দের মূল্য নয়। এই পয়েন্ট সীমার মধ্যেই ২২ জন ক্রিকেটার বেছে নিতে হবে দলগুলোকে।
দুই কোটির কাছাকাছি পেয়েছেন সাইফ হাসানও। ডানহাতি টপ অর্ডার ব্যাটারকে ১ কোটি ৯৫ লাখ পয়েন্টে দলে নিয়েছে সেভেন রিংস সিমেন্ট। জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১ কোটি ৮০ লাখ পয়েন্টে ফরচুনে ও সাদা বলের অধিনায়ক লিটন দাস ১ কোটি ৫০ লাখ পয়েন্টে গেছেন ওয়ালটনে।
চলতি বছর ডিসেম্বরে তিন সংস্করণের ডি থ্রি টুর্নামেন্ট শুরু হবে। টি-টোয়েন্টি, ওয়ানডে ও চারদিনের ম্যাচ খেলবে ছয় দল।
‘এ’ ক্যাটাগরি থেকে কারা কোন দলে:
ফরচুন গ্রুপ— তাওহীদ হৃদয়, রিশাদ হোসেন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম।
ওয়ালটন— মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, লিটন দাস, তাসকিন আহমেদ।
ব্লু স্টার— নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, হাসান মাহমুদ, নাহিদ রানা, এনামুল হক বিজয় সেভেন। রিংস সিমেন্ট— মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
একমি গ্রুপ— মোসাদ্দেক হোসেন সৈকত সিটিজেন ব্যাংক— নাইম শেখ, সাইফ হাসান, জাকের আলী, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম।
ক্যাটাগরি
নিলামে মোট পাঁচটি ক্যাটাগরি করা হয়েছে খেলোয়াড়দের। ‘এ’ ক্যাটাগরিতে ৩০ লাখ, ‘বি’ ক্যাটাগরিতে ৪০ লাখ, ‘সি’ ক্যাটাগরিতে ২০ লাখ, ‘ডি’ ক্যাটাগরিতে ১০ লাখ ও ‘ই’ ক্যাটাগরিতে ৫ লাখ পয়েন্ট ভিত্তিমূল্য ধরা হয়েছে।
অংশ নিতে যাওয়া ছয় কর্পোরেট হাউস: এইচ ব্লুস্টার, ওয়ালটন গ্রুপ, সিটিজেনস ব্যাংক, একমি গ্রুপ, সেভেন রিংস সিমেন্ট ও ফরচুন গ্রপ।
আগেই ঠিক হয়েছে ছয় দলের আইকন: ওয়ালটন গ্রুপের মেহেদী হাসান মিরাজকে, ফরচুন গ্রুপ তাওহিদ হৃদয়, একমি গ্রুপ মোসাদ্দেক হোসেন সৈকত, সেভেন রিংস সিমেন্ট মুশফিকুর রহিম, ব্লুস্টার নুরুল হাসান সোহান ও সিটিজেনস ব্যাংক নাঈম শেখকে আইকন করেছে।
তবে আইকনদের পারিশ্রমিকও ক্যাটাগরি অনুযায়ী বাকিদের মতো আগে থেকেই চূড়ান্ত করা।
