এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে ফেল করে সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক ও বিবিএ ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবেন।
তবে এ সুযোগ পেতে হলে শিক্ষার্থীদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় নির্ধারিত যোগ্যতা পূরণ করতে হবে।
গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক শেখ মো. গিয়াস উদ্দিনের সই করা ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাপ্লিমেন্টারি পরীক্ষায় পাস করার পরও কোনো শিক্ষার্থী সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি-যোগ্যতা পূরণ করতে না পারলে তার আবেদন বাতিল করা হবে। এছাড়া আগে প্রকাশিত ভর্তি পরীক্ষার সময়সূচিতে কোনো পরিবর্তন আসবে না।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৩ বা ২০২৪ সালে এসএসসি বা সমমানের পরীক্ষায় এবং ২০২৬ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ইউনিটভিত্তিক যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।
তবে ২০২৬ সালের এইচএসসি বা সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিচ্ছেন, এমন শিক্ষার্থীরাও এসএসসির নির্ধারিত যোগ্যতা পূরণ করলে আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, পাঁচটি ইউনিটে আবেদনের জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএর আলাদা শর্ত রয়েছে।
বিজ্ঞান অনুষদ এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ নিয়ে ‘এ’ ইউনিটে আবেদনের জন্য দুই পরীক্ষায় কমপক্ষে ৭ জিপিএ থাকতে হবে। তবে কোনো একটি পরীক্ষায় জিপিএ ৩-এর কম হলে আবেদন করা যাবে না।
কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে দুই পরীক্ষায় মোট জিপিএ অন্তত ৬ থাকতে হবে। পাশাপাশি প্রতিটি পরীক্ষায় ২ দশমিক ৭৫ জিপিএ থাকতে হবে।
ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬ দশমিক ৫০ হতে হবে। এ ক্ষেত্রেও কোনো একটি পরীক্ষায় জিপিএ ৩-এর কম হলে আবেদন করা যাবে না।
সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬ থাকতে হবে। প্রতিটি পরীক্ষায় অন্তত ২ দশমিক ৭৫ জিপিএ থাকতে হবে।
চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিটে দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৫ দশমিক ৫০ হতে হবে। প্রতিটি পরীক্ষায় অন্তত ২ দশমিক ৫০ জিপিএ থাকতে হবে।
অনলাইনে আবেদন শুরু হবে ২৫ নভেম্বর দুপুর ১২টায়। আবেদন করা যাবে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইট admission.jnu.ac.bd-এ আবেদন করতে হবে।
এ, বি, সি ও ডি ইউনিটের প্রতিটির আবেদন ফি ১ হাজার ২০০ টাকা। ‘ই’ ইউনিটের জন্য দিতে হবে ১ হাজার ৫০০ টাকা। ফি জমা দেওয়ার নিয়ম ও ভর্তি-প্রক্রিয়ার বিস্তারিত নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।
পাঁচটি ইউনিটের ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট তারিখে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
সময়সূচি অনুযায়ী, বিজ্ঞান অনুষদ এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ নিয়ে গঠিত এ ইউনিটের পরীক্ষা হবে ২০২৭ সালের ১ জানুয়ারি। চারুকলা অনুষদের অধীন ই ইউনিটের পরীক্ষা হবে ৮ জানুয়ারি।
কলা ও আইন অনুষদের বি ইউনিটের পরীক্ষা ১৫ জানুয়ারি। ব্যবসায় শিক্ষা অনুষদের সি ইউনিটের পরীক্ষা ২২ জানুয়ারি এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডি ইউনিটের পরীক্ষা হবে ২৩ জানুয়ারি।
