বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে রাজধানীর উত্তরখান থানায় তার বাবা কে এম এনায়েতুল করিম এ মামলা দায়ের করেন।
গত বুধবার বিকেলে টঙ্গীর তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধারের ২ দিন পর অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে তিনি এ মামলা করলেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তরা বিভাগ) মো. রেজাউল করিম দ্য ডেইলি স্টারকে মামলার তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মামলার অভিযোগে বলা হয়েছে যে তাহসিফকে হত্যা করা হয়েছে এবং অপরাধ লুকানোর উদ্দেশ্যে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে।
এদিকে, তাহসিফের মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার ‘বন্ধু’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকে হেফাজতে নিয়েছে নৌ-পুলিশ।
উপকমিশনার রেজাউল করিম বলেন, ‘দীপকে পিবিআই থেকে হেফাজতে নিয়েছে নৌ-পুলিশ। আজই তাকে আদালতে হাজির করা হতে পারে।’
২৮ অক্টোবর বিকেলে টঙ্গীতে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়। এর আগের দিন থেকে তিনি নিখোঁজ ছিলেন।
নিখোঁজ হওয়ার কিছুক্ষণ আগে ধারণ করা সিসিটিভি ফুটেজে তাহসিফ সাউরিকে এক যুবকের সঙ্গে দেখা যায়। তার সঙ্গে মোটরসাইকেলে বেরিয়ে যেতে দেখা যায় তাহসিফকে।
ওই যুবক তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দীপ বলে পরিবারের সদস্যরা শনাক্ত করেন।
বৃহস্পতিবার রাতে তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকে হেফাজতে নেয় পিবিআই।
পিবিআইয়ের অতিরিক্ত উপমহাপরিদর্শক এনায়েতুর রহমান মান্না দ্য ডেইলি স্টারকে জানান, পিবিআই উত্তর বিভাগের একটি দল বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাবর রোডের বি ব্লকের একটি বাড়ির তৃতীয় তলা থেকে দীপকে হেফাজতে নেয়।
গত ২৭ অক্টোবর সন্ধ্যায় বাসা থেকে নিচে নেমেছিলেন তাহসিফ। এরপর আর তিনি ফিরে আসেননি।
তাহসিফের বাবা এনায়েতুল করিম জানান, তাহসিফের মা বারবার ফোন করেও আর যোগাযোগ করতে পারেননি।
