Homeসারাদেশনড়াইলে সাবেক এমপি-মেয়রসহ আ. লীগ নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ

নড়াইলে সাবেক এমপি-মেয়রসহ আ. লীগ নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির দুই নেতা নিহতের ঘটনার দুদিন পর আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতাকর্মীদের বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বেন্দারচর ও আশপাশের এলাকায় এসব হামলার ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ও কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়েছে।

কালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন কবির দ্য ডেইলি স্টারকে জানান, শুক্রবার বিকেল ৪টার দিকে তারা বেশ কয়েকটি বাড়িতে আগুন লাগার খবর পান। কিন্তু, বিভিন্ন স্থানে সড়কের ওপর গাছ কেটে ফেলে রাখায় ফায়ার সার্ভিস কর্মীরা রাত ৮টার আগে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

ততক্ষণে আগুনের তীব্রতা অনেকটাই কমে আসে। আগুনে ২০-২৫টি ভিটার ৫০টির বেশি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বড়দিয়া বাজারের বেশ কয়েকটি দোকানেও আগুন দেওয়ার খবর পাওয়া গেছে বলে জানান তিনি।

কালিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল ইসলাম ডেইলি স্টারকে জানান, ১৫-২০টি বাড়ি ভাঙচুর করা হয়েছে এবং কয়েকটিতে আগুন দেওয়া হয়েছে। সাবেক সংসদ সদস্যের গ্রামের বাড়িতেও হামলা হয়েছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে দায়ীদের শনাক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে এবং পুলিশ এ ঘটনা তদন্ত করছে বলে জানান তিনি।

এদিকে, বেন্দারচরে হিন্দু পরিবারের ওপর হামলা, বাড়িঘরে অগ্নিসংযোগ ও সম্পদ লুটপাটের যে অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তা সত্য নয় বলে জানিয়েছে নড়াইল জেলা পুলিশ।

পুলিশ সুপার মোহাম্মদ আল-মামুন শিকদারের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো ও এআই দিয়ে তৈরি ভিডিও ছড়াচ্ছেন।

বেন্দারচরে কোনো হিন্দু বসতি নেই এবং কোনো হিন্দু পরিবার বা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা হয়নি বলেও দাবি করেছে পুলিশ।

পুলিশ সুপার বলেন, নিহত ২ নেতার স্বজন এবং বিএনপি ও অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মী গতকাল বিকেল পৌনে ৫টার দিকে জড়ো হয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে হামলা চালান।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

যোগাযোগ করা হলে কালিয়া থানার ওসি ইদ্রিস আলী ডেইলি স্টারকে বলেন, ‘হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ নিয়ে যেসব তথ্য ছড়ানো হচ্ছে, তার সবটা সঠিক নয়। বিক্ষুব্ধ লোকজন কিছু বাড়িতে আগুন দিয়েছে। অন্য বাড়িগুলো ২০২৪ সালে ভাঙচুর করা হয়েছিল।’

পুলিশ সুপার জানান, বিএনপির দুই নেতা হত্যার ঘটনায় বেন্দারচরের বাসিন্দা দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাস (২১) নামে ২ সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত ১৮ নভেম্বর সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীদের ককটেল বিস্ফোরণ, পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের অভিযোগের প্রতিবাদে কালিয়ার বেন্দারচর স্লুইস গেটের কাছে মোটরসাইকেল শোভাযাত্রা বের করে বিএনপি। শোভাযাত্রায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলায় কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শেখ শাহিন (৪৫) ও কালিয়া উপজেলা জাসাস সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৪০) গুরুতর আহত হন বলে অভিযোগ পাওয়া যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুজনই মারা যান।

RELATED ARTICLES

Most Popular