Homeস্পোর্টসপাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন রিজওয়ান, সাইম ও শান

পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন রিজওয়ান, সাইম ও শান

আগের ক্যাটাগরিভিত্তিক প্রথা থেকে সরে এসে সংস্করণভিত্তিক কেন্দ্রীয় চুক্তি চালু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নতুন এই কাঠামোয় ৩৮ জনের তালিকাতেও জায়গা পাননি মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, শান মাসুদের মতো ক্রিকেটাররা। 

নতুন কাঠামো অনুযায়ী ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত চলমান এই চক্রে কোনো ক্রিকেটারকেই তিন সংস্করণের চুক্তিতে রাখা হয়নি। গত বছর ‘বি’ থেকে ‘ডি’ ক্যাটাগরিভিত্তিক যে তালিকা ছিল, সেটি বদলে এবার সংস্করণভিত্তিক চুক্তি প্রথা চালু করল পিসিবি।

রিজওয়ান ছাড়াও গতবারের তালিকা থেকে বাদ পড়েছেন আরও ১২ ক্রিকেটার। ‘বি’ ক্যাটাগরিতে থাকা সাইম আইয়ুব ও হাসান আলির পাশাপাশি জায়গা হারিয়েছেন সাবেক টেস্ট অধিনায়ক শান মাসুদ। এ ছাড়া বাদ পড়াদের তালিকায় আছেন আব্দুল্লাহ শফিক, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, নোমান আলি, হুসাইন তালাত, খুররম শাহজাদ, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

নতুন চুক্তিতে কেবল টেস্ট ও ওয়ানডে—এই দুই সংস্করণে জায়গা পেয়েছেন টেস্ট অধিনায়ক বাবর আজম ও সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আগা। শুধু টেস্ট চুক্তিতে রাখা হয়েছে মোহাম্মদ আব্বাস, আজান আওয়াইস, সাজিদ খান ও সাউদ শাকিলকে।

ওয়ানডে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি পেয়েছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণের চুক্তি। আর টি-টোয়েন্টি অধিনায়ক সাহিবজাদা ফারহানকে রাখা হয়েছে কেবল সংক্ষিপ্ত সংস্করণের চুক্তিতে।

সম্প্রতি টেস্ট অভিষেক হওয়া রাজা উল্লাহ, তৈয়ব আরিফ, মোহাম্মদ তাহা, গাজী ঘোরি ও সাকিব খানসহ মোট ১৯ জনকে রাখা হয়েছে ‘ডেভেলপমেন্ট’ চুক্তিতে।

পিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা (৩০ জুন, ২০২৭ পর্যন্ত):

টেস্ট ও ওয়ানডে: বাবর আজম, সালমান আগা।

টেস্ট: আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, সাজিদ খান, সৌদ শাকিল।

ওয়ানডে ও টি-টোয়েন্টি: আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, ফাহিম আশরাফ, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি।

টি-টোয়েন্টি: হাসান নওয়াজ, মাজ সাদাকাত, সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, শাদাব খান, উসমান তারিক।

ডেভেলপমেন্ট: আব্দুল সামাদ, আব্দুল্লাহ ফজল, আহমেদ দানিয়াল, আলি রাজা, ফারহান ইউসুফ, হুনাইন শাহ, মোহাম্মদ তাহা, তৈয়ব আরিফ, গাজী ঘোরি, মোহাম্মদ ইমরান রান্ধাওয়া, রাজা উল্লাহ, সাদ বেগ, সাদ মাসুদ, সামির মিনহাস, সাকিব খান, শাহজাইব খান, শামিল হুসাইন, সুফিয়ান মুকিম, উবাইদ শাহ।

RELATED ARTICLES

Most Popular