দুই গোলে পিছিয়ে পড়েও আর্লিং হালান্ডের শেষ মুহূর্তের পেনাল্টি গোলে ডেনমার্ককে হারিয়ে উয়েফা নেশনস লিগের কোয়ার্টার-ফাইনালে উঠেছে নরওয়ে।
কোপেনহেগেনে মঙ্গলবার রাতে ৩-২ গোলে জিতেছে সফরকারীরা।
ম্যাচের শুরুতে রাসমুস হয়লুন্ড ও পিয়েরে-এমিল হয়বিয়ার্গের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল ডেনমার্ক। তবে ৩৭তম মিনিটে গোলরক্ষক ম্যাডস হারমানসেনের ভুলে বল পেয়ে মার্টিন ওডেগার্ডের বাড়ানো পাসে ব্যবধান কমান হালান্ড।
নির্ধারিত সময় শেষের ছয় মিনিট আগে নরওয়েকে সমতায় ফেরান অধিনায়ক ওডেগার্ড। এরপর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে ডেনমার্কের ইওয়াখিম অ্যান্ডারসেনের হ্যান্ডবলের সুবাদে ভিএআরের (VAR) মাধ্যমে পেনাল্টি পায় নরওয়ে। স্পট কিক থেকে লক্ষ্যভেদ করে দলের নাটকীয় জয় নিশ্চিত করেন ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার।
ডেনমার্ক ও নরওয়ে—দুই দলেরই পয়েন্ট সমান ৯। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় গ্রুপ রানার্সআপ হয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে নরওয়ে। ডেনমার্কের প্রয়োজন ছিল কেবল একটি ড্র।
ম্যাচ শেষে নরওয়ের টিভি-২ কে হালান্ড বলেন, ‘ফুটবলে আমার দেখা সবচেয়ে পাগলাটে বছরগুলোর একটি এটি।’
একই গ্রুপের অন্য ম্যাচে ওয়েলসকে ৩-২ গোলে হারিয়েছে পর্তুগাল। এর মধ্য দিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো-পরবর্তী যুগে নিজেদের প্রথম জয়ের দেখা পেল তারা। আগের ম্যাচে ডেনমার্কের কাছে হেরেছিল পর্তুগাল।
কার্ডিফে ব্রুনো ফার্নান্দেসের গোলে পর্তুগাল এগিয়ে যাওয়ার পর ডেভিড ব্রুকস ও সোরবা থমাসের গোলে প্রথমার্ধেই লিড নেয় ওয়েলস। তবে পেদ্রো নেতো সমতা ফেরানোর পর ৭০তম মিনিটে জাতীয় দলের হয়ে নিজের প্রথম গোলে পর্তুগালের জয় নিশ্চিত করেন কার্লোস ফোর্বস।
শেষ দিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন নেতো। ১৫ পয়েন্ট নিয়ে আগেই গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত করেছিল পর্তুগাল।
আগামী শুক্রবার সুইজারল্যান্ডের নিওঁতে কোয়ার্টার-ফাইনালের ড্র অনুষ্ঠিত হবে।
এদিকে, বুদাপেস্টে হাঙ্গেরির সঙ্গে ১-১ গোলে ড্র করে প্রথমবারের মতো নেশনস লিগের ‘এ’ লিগে উন্নীত হয়েছে নর্দার্ন আয়ারল্যান্ড। ৬৫তম মিনিটে স্টোক সিটির মিডফিল্ডার জাস্টিন ডেভেনির গোলে কাঙ্ক্ষিত ড্র পায় মাইকেল ও’নিলের দল।
অন্য ম্যাচে ১০ জনের কসোভোকে ৩-০ গোলে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে রিপাবলিক অব আয়ারল্যান্ড।
