Homeশিক্ষাক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে ঢাবির রাজপথে ছাত্রদল, শিবির ও বামজোট

ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে ঢাবির রাজপথে ছাত্রদল, শিবির ও বামজোট

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টানা দুই দিন দফায় দফায় ককটেল বিস্ফোরণের পর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ক্যাম্পাসের রাজপথে নেমেছেন বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা। এর মধ্যে রয়েছে ক্ষমতাসীন বিএনপি সমর্থিত ছাত্রদল, বিরোধী দল জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ছাত্রশিবির, বামপন্থি বিভিন্ন ছাত্রসংগঠনসহ অন্যান্য দলের নেতা-কর্মীরা।

গত রোববার ক্যাম্পাসের ছয়টি ভিন্ন স্থানে অন্তত আটটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর পরদিন সোমবার টিএসসি এলাকায় ঘটে আরেকটি বিস্ফোরণ।

আগের বিস্ফোরণগুলো সন্ধ্যায় ঘটেছিল এবং এতে কেউ হতাহত হননি। তবে মঙ্গলবার দুপুরে ব্যবসায় শিক্ষা অনুষদের একাডেমিক ভবনের সামনে আরেকটি ককটেল বিস্ফোরণে একজন আহত হন।

মঙ্গলবার বিকেলের ওই বিস্ফোরণের পর আন্দোলনরত শিক্ষার্থীরা টিএসসি, উপাচার্য চত্বরসহ ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন।

ককটেল বিস্ফোরণের পেছনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন ছাত্রদলের নেতা-কর্মীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ‘আমরা ছাত্রলীগের অপতৎপরতা প্রতিহত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

এ সময় তিনি আবাসিক হলগুলোতে অবস্থানরত ছাত্রলীগ কর্মীদের উচ্ছেদ করার দাবি জানান। পাশাপাশি ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

একই উদ্বেগে আজ বিকেলে বিক্ষোভ মিছিল শেষে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন ছাত্রশিবিরের নেতা-কর্মীরা।

ঢাবি শিবিরের সভাপতি মহিউদ্দিন খান অভিযোগ করে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টোরিয়াল বডি শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, ‘ককটেল বিস্ফোরণের পর একের পর এক তদন্ত কমিটি গঠন করা হলেও এগুলোর কোনোটিরই দৃশ্যমান কোনো ফল আমরা এখনো দেখতে পাইনি।’

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি জানিয়েছে এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তি। একইসঙ্গে বিশেষ অভিযান চালিয়ে দেশজুড়ে ছাত্রলীগ কর্মীদের চিহ্নিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার সন্ধ্যায় একই দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বামপন্থি ছাত্রসংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্রজোট।

এদিকে মঙ্গলবার ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ এবং অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টায় জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ায় এক কর্মীকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানিয়েছে, স্টেট অফিসের সুপারভাইজার আমান উল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

সূত্রটি জানায়, উপাচার্যের দপ্তরে জমা পড়া একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক জরুরি বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাম্পাসের ছয়টি প্রবেশপথে নিরাপত্তা তল্লাশিচৌকি (চেকপোস্ট) বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত ও সার্বক্ষণিক টহল জোরদার করা হবে।

এ ছাড়া শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সার্বক্ষণিক নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

RELATED ARTICLES

Most Popular