Homeবিনোদনপরীমনি অভিনীত এই সিনেমাগুলো সম্পর্কে জানেন?

পরীমনি অভিনীত এই সিনেমাগুলো সম্পর্কে জানেন?

ঢাকাই সিনেমার আলোচিত ও জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। অভিনয় থেকে শুরু করে ব্যক্তিগত জীবন—সবকিছু মিলিয়ে সবসময় আলোচনায় থাকেন তিনি। তার ব্যাপারে ভক্তদের আগ্রহ রয়েছে।

আজ ২৪ অক্টোবর পরীমনির জন্মদিন। তার এই জন্মদিনের আয়োজনের নাম দিয়েছেন ‘শিউলি সন্ধ্যা’।

জন্মদিন নিয়ে পরীমনি বলেন, ‘আমার কাছের মানুষদের নিয়েই জন্মদিনের সন্ধ্যায় এই আয়োজন। এখানে আমার সহকর্মী থেকে শুরু করে আপনজনরা থাকবেন। প্রতিবছরই জীবনকে নতুন করে দেখি, নতুন করে বাঁচি। কাজের মধ্যে এবং কাছের মানুষদের সঙ্গে শান্তি ও আনন্দ খুঁজি। এ বছর আমার একটাই চাওয়া, শান্তি। আশা করি সেটা পাব।’

পরীমনি অভিনীত অনেক সিনেমা, ওয়েব সিরিজের মধ্যে আলোচিত ৪টি সিনেমা, একটি ওয়েব সিরিজ নিয়ে এই আয়োজন।

১. স্বপ্নজাল

গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ সিনেমাটি পরীমনি অভিনীত অন্যতম প্রশংসিত সিনেমা। এই চলচ্চিত্রে শুভ্রা চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটিতে প্রেম, বিচ্ছেদ, সামাজিক বাস্তবতা ও মানবিক অনুভূতি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সিনেমায় তার বিপরীতে আছেন ইয়াশ রোহান।

২. গুণিন

গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত সিনেমা ‘গুণিন’ সিনেমাটি ২০২২ সালের ১১ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের লেখা ছোটগল্প অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। বাংলার গ্রামীণ সমাজ, লোকজ সংস্কৃতি, প্রচলিত বিশ্বাস ও মানুষের সম্পর্কের জটিলতা তুলে ধরা হয়েছে এই সিনেমায়। এতে পরীমনি অভিনয় করেছেন শরিফুল রাজের বিপরীতে। সাধারণত রোমান্টিক ও বাণিজ্যিক চলচ্চিত্রের জন্য পরিচিত হলেও ‘গুণিন’ সিনেমার মাধ্যমে পরীমনি ভিন্নধর্মী গল্পের অংশ হয়েছেন।

৩. রঙিলা কিতাব

অনম বিশ্বাস পরিচালিত পরীমনি অভিনীত ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। এই সিরিজে তাকে দেখা গেছে ভিন্নরূপে। একজন অন্তঃসত্ত্বা নারীর ভালোবাসা, ভয়, সাহস ও প্রতিকূলতার বিরুদ্ধে টিকে থাকার লড়াই তাকে গল্পের কেন্দ্রে নিয়ে এসেছে। অপরাধ জগৎ ও ভালোবাসার মানুষের জন্য সবকিছু মোকাবিলা করার এক কঠিন বাস্তবতার গল্প। পরীমনির বিপরীতে অভিনয় করেছেন মোস্তাফিজ নূর ইমরান।

৪. আরো ভালোবাসবো তোমায়

এস এ হক অলিক পরিচালিত সিনেমা ‘আরো ভালোবাসবো তোমায়’। এটি পরীমনির অভিনয়জীবনের শুরুর দিকের একটি সিনেমা। সিনেমায় তার বিপরীতে আছেন শাকিব খান। সিনেমাটির রোমান্টিক গল্প ও এই দুই শিল্পীর উপস্থিতি সে সময় চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করে।

৫. বিশ্বসুন্দরী

চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’ পরীমনি অভিনীত আরেকটি সিনেমা। রোমান্টিক গল্প ও আবেগঘন দৃশ্যের সমন্বয়ে নির্মিত এই চলচ্চিত্রে তার অভিনয় দর্শকদের মন জয় করেছে। সিনেমাটিতে ভালোবাসা, সম্পর্ক ও মানুষের ব্যক্তিগত অনুভূতির নানা দিক তুলে ধরা হয়েছে। সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ।

RELATED ARTICLES

Most Popular