পাবনা সদর উপজেলার সোনাপাতিল বিলে বজ্রপাতে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, আরও অন্তত দুজন আহত হয়েছেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় এ ঘটনায় নিহত হয়েছেন শাওন (২২), রব্বেল (২২), মিজান (১২), সাজিদ (১০), আবদুল্লাহ (১৮) ও ইমন (১৪)। তারা সবাই পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা ছিলেন।
পাবনা সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মনির জানান, পুলিশ সোনাপাতিল বিলের কাছ থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। ময়নাতদন্ত শেষে তিনটি মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিগুলো হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমেদ বলেন, ‘আজ বিকেলে একদল যুবক ও কিশোর সোনাপাতিল বিলে মাছ ধরতে গিয়েছিল। তারা বিলের পাড়ে বসে ছিল। এ সময় বজ্রপাত হলে তাদের মৃত্যু হয়।’
