রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকার একটি বাসা থেকে এক পাকিস্তানি নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ যুবায়ের দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
যুবায়ের জানান, পাকিস্তানি ওই নাগরিকের নাম মুহাম্মদ শাহবাজ (২৬)। তার বাড়ি পাকিস্তানের মুলতান জেলার জামালপুর থানা এলাকায়। শাহবাজ পেশায় ব্যবসায়ী ছিলেন। দক্ষিণ বনশ্রীর এফ ব্লক, ৯/৫ নম্বর রোডের একটি বাসায় ভাড়া থাকতেন তিনি। বাংলাদেশে বিয়ে করেছিলেন শাহবাজ। কিছুদিন আগে তার দাম্পত্য সংকট দেখা দেয়। এরপর থেকে ওই বাসায় তিনি একাই ছিলেন।
এসআই যুবায়ের বলেন, ‘আজ ভোররাত ৩টার দিকে ওই বাসার দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে।’
