বাংলা সিনেমার গল্পে বাঙালিদের বিভিন্ন উৎসব এসেছে ঘুরেফিরে। বাঙালিদের উৎসবগুলোর মধ্যে দুর্গাপূজা অন্যতম। কলকাতার বাংলা সিনেমায় উল্লেখযোগ্যভাবে দুর্গাপূজার চিত্রায়ণ করেন সত্যজিৎ রায়। ‘পথের পাঁচালী’ সিনেমায় দেখা যায় ঢাকের তালে অপু, দুর্গাসহ শিশুর দল মন্দিরের দিকে যাচ্ছে, চেয়ে দেখছেন মা সর্বজয়া। আবার গল্পের প্রয়োজনে ‘দেবী’ সিনেমাতেও সত্যজিৎ রায় পূজা এনেছিলেন।
ঋতুপর্ণ ঘোষ নির্মিত ‘উৎসব’ সিনেমাজুড়ে ছিল পূজার আবহ। তরুণ মজুমদার নির্মিত ‘আলো’ সিনেমাতেও পূজা রয়েছে। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় নির্মিত ‘বেলাশেষে’ সিনেমায় পূজা এসেছে পারিবারিক সম্প্রীতির মেলবন্ধন হিসেবে।
ঢাকাই বাংলা সিনেমায় দুর্গাপূজা বিভিন্নভাবে এসেছে। বাদল খন্দকার পরিচালিত ‘বিদ্রোহী পদ্মা’, গাজী জাহাঙ্গীর নির্মিত ‘জীবন সীমান্তে’, মহিউদ্দিন ফারুকের ‘বিরাজ বউ’ সিনেমায় দৃশ্যের প্রয়োজনে এসেছে দুর্গাপূজা। বাবুল চৌধুরী পরিচালিত ‘মা’ সিনেমাতেও গল্পের প্রয়োজনে পূজা এসেছে।
১. পরমা
অপর্ণা সেন পরিচালিত সিনেমা ‘পরমা’। দুর্গাপূজা নিয়ে এই সিনেমাটির গল্প এগিয়েছে। এতে অভিনয় করেছেন রাখী, অপর্ণা সেন, অনিল চ্যাটার্জি, মুকুল শর্মাসহ অনেকেই।
২. রক্তবীজ
নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত সিনেমা ‘রক্তবীজ’। সিনেমায় দেখানো হয়েছে, দুর্গাপূজার ভিড়, প্রতিমা দর্শন, আর শঙ্খ-উলুধ্বনির মধ্যে জড়িয়ে থাকা ভয়, উত্তেজনা ও থ্রিলারের আবহ। এতে অভিনয় করেছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়, আবীর চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তীসহ অনেকেই।
৩. অসুর
পাভেল পরিচালিত সিনেমা ‘অসুর’। কলকাতার দেশপ্রিয় পার্কে বিশ্বের বৃহত্তম দুর্গামূর্তি স্থাপন করা হয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, সেটিই এই সিনেমার গল্প। এতে অভিনয় করেন জিৎ, নুসরাত, অবির চট্টোপাধ্যায়। দুর্গাপূজার উৎসব আর শিল্পের অভিব্যক্তি মিশে তৈরি হয়েছে এক অন্যরকম আবহ।
৪. মহালয়া
সৌমিক সেন পরিচালিত ‘মহালয়া’ সিনেমায় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর চরিত্রে অভিনয় করেছেন শুভাশিস মুখোপাধ্যায়। উত্তম কুমারের ভূমিকায় ছিলেন যিশু সেন গুপ্ত। এই সিনেমা কেবল এক রেডিও অনুষ্ঠানের ইতিহাস নয়, বরং বাঙালির আবেগের সঙ্গে জড়িয়ে থাকা সংস্কৃতির প্রতিচ্ছবি।
৫. উমা
সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত সিনেমা ‘উমা’। এই সিনেমাতেও পূজা এসেছে। এই পূজা দেখায় উৎসব কেবল আনন্দ নয়, কখনো কখনো আশা ও ভালোবাসার প্রতীক হয়েছে। সিনেমাটিতে অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, সারা সেনগুপ্ত, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অঞ্জন দত্ত, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষসহ অনেকেই।
