Homeস্পোর্টসবাকি প্রায় ১১ মাস, এখনই ২০২৭ বিশ্বকাপের টিকিটের আবেদন ১২ কোটি পার!

বাকি প্রায় ১১ মাস, এখনই ২০২৭ বিশ্বকাপের টিকিটের আবেদন ১২ কোটি পার!

২০২৭ সালে আফ্রিকা মহাদেশে বসতে যাচ্ছে আইসিসি পুরুষ ওয়ানডে বিশ্বকাপের ১৪তম আসর। টুর্নামেন্ট শুরু হতে এখনো বেশ কিছু সময় বাকি থাকলেও ক্রিকেটপ্রেমীদের মধ্যে টিকিট ঘিরে তৈরি হয়েছে অভূতপূর্ব উন্মাদনা। ব্যালট প্রক্রিয়া চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত টিকিট আবেদনের সংখ্যা ১২ কোটি ছাড়িয়ে গেছে।

অন্যদিকে, জিম্বাবুয়ের ম্যাচগুলোর জন্য আবেদনের সংখ্যা ১ কোটি ৩৩ লাখ অতিক্রম করেছে। ভিক্টোরিয়া ফলসের নতুন ‘মোসি-ও-তুনিয়া’ আন্তর্জাতিক স্টেডিয়ামে ২৪ অক্টোবর জিম্বাবুয়ে ও ভারতের মধ্যকার ম্যাচটি ঘিরে জিম্বাবুয়েতে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে; এই একটি ম্যাচের জন্যই ৩৩ লাখের বেশি আবেদন জমা পড়েছে।

নামিবিয়ার উইন্ডহুকে অবস্থিত ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে আয়োজিত ৬টি ম্যাচের জন্য ২০ লাখের বেশি আবেদন করা হয়েছে। এর মধ্যে ৮ অক্টোবরের ইংল্যান্ড বনাম বাংলাদেশ ম্যাচের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি—যার জন্য আবেদন জমা পড়েছে প্রায় ৯ লাখ।

তবে টুর্নামেন্টের সবচেয়ে কাঙ্ক্ষিত ম্যাচ হিসেবে যথারীতি শীর্ষস্থান দখল করেছে ভারত-পাকিস্তান দ্বৈরথ। ১০ অক্টোবর জোহানেসবার্গে হতে যাওয়া এই হাই-ভোল্টেজ ম্যাচের টিকিট পাওয়ার জন্য আবেদন পড়েছে ৮৩ লাখ ৯৭ হাজার ২৯৪টি। একই শহরের একই ভেন্যুতে ২১ নভেম্বরের ফাইনাল ম্যাচের জন্য আবেদন এসেছে প্রায় ৭৯ লাখ।

 

আইসিসির ইভেন্ট ও ক্রিকেট অপারেশনস প্রধান গৌরব সাক্সেনা বলেন, ‘এমন সাড়া পাওয়া সত্যিই দারুণ ব্যাপার। ২৪ বছর পর আফ্রিকায় ওয়ানডে বিশ্বকাপ ফিরিয়ে আনার সিদ্ধান্ত যে কতটা সঠিক ছিল, বৈশ্বিক এই চাহিদাই তা প্রমাণ করে।’

আগামী ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট (সিএটি সময়) পর্যন্ত টিকিট ব্যালটের নিবন্ধন খোলা থাকবে। দর্শকরা tickets.cricketworldcup.com ওয়েবসাইটে গিয়ে নিখরচায় আবেদন করতে পারবেন। নির্দিষ্ট ম্যাচের চাহিদা সহজলভ্য টিকিটের চেয়ে বেশি হলে লটারির (র্যান্ডমাইজড ব্যালট) মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে এবং ইমেইলের মাধ্যমে তাদের ক্রয়ের প্রক্রিয়া জানিয়ে দেওয়া হবে।

২০০৩ সালের পর এই প্রথম আফ্রিকায় ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার ১২টি ভেন্যুতে ১৪টি দলের অংশগ্রহণে মোট ৫৭টি ম্যাচ খেলা হবে। এর মাধ্যমে নামিবিয়া প্রথমবারের মতো জ্যেষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপের কোনো ম্যাচ আয়োজনের সুযোগ পাচ্ছে।

 

RELATED ARTICLES

Most Popular