Homeসারাদেশবাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়া নিহত

বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়া নিহত

খুলনা নগরীর সোনাডাঙ্গা থানার বসুপাড়া এলাকায় বাড়িভাড়া নিয়ে বিরোধের জেরে বাড়িওয়ালার লাঠির আঘাতে এক ভাড়াটিয়া নিহত হয়েছেন।

আজ রোববার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভাড়াটিয়া রকিবুল ইসলাম (২৪) মারা যান।

এ ঘটনায় বাড়ির মালিক মজলিস খানকে (৮২) আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বসুপাড়ার বকুলতলা শতরূপার মোড়ে বাড়িভাড়া নিয়ে রকিবুলের সঙ্গে মজলিস খানের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মজলিস তার হাতে থাকা লাঠি দিয়ে রকিবুলের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা রকিবুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বাড়িভাড়া নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে বাড়িওয়ালা ভাড়াটিয়ার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

ওসি আরও বলেন, ‘নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় বাড়ির মালিক মজলিস খানকে আটক করা হয়েছে।’

এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।
 

RELATED ARTICLES

Most Popular