Homeবিনোদনবারবার তলবের পর পুলিশের দপ্তরে হানি সিং, ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

বারবার তলবের পর পুলিশের দপ্তরে হানি সিং, ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

ভারতীয় র‍্যাপার ও গায়ক ইয়ো ইয়ো হানি সিংকে দুই ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছে মহারাষ্ট্র সাইবার পুলিশ।

বলিউড হাঙ্গামার প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার তিনি পুলিশের দপ্তরে হাজির হয়ে নিজের বক্তব্য রেকর্ড করান।

২০২৬ সালের জানুয়ারিতে দিল্লির একটি কনসার্টে হানি সিং অশালীন মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় সমালোচনা। পরে মুম্বাইয়ের এক বাসিন্দা এ বিষয়ে সাইবার পুলিশের কাছে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে মামলা করে পুলিশ।

অভিযোগ অনুযায়ী, হানি সিংয়ের মন্তব্যে অশালীন ইঙ্গিত ছিল। তবে বিষয়টি এখনো তদন্তাধীন।

প্রতিবেদন অনুযায়ী, এর আগে হানি সিংকে তিনবার তলব করা হলেও তিনি হাজির হননি। সে সময় তিনি বিদেশে ছিলেন বলে জানিয়েছিলেন। পরে তাকে ১৬ অক্টোবর হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। সর্বশেষ নির্দেশও অমান্য করলে তার বিরুদ্ধে লুক আউট সার্কুলার (এলওসি) জারির প্রক্রিয়া শুরু হতে পারে বলে সতর্ক করেছিলেন পুলিশের এক কর্মকর্তা।

শুক্রবার পুলিশের দপ্তরে হাজির হয়ে দুই ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন হানি সিং। জিজ্ঞাসাবাদ শেষে তিনি বেরিয়ে গেলেও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেননি।

এর আগে একটি ভিডিও বার্তায় নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছিলেন এই গায়ক। তিনি বলেন, তরুণ প্রজন্মের সঙ্গে তাদের ভাষায় কথা বলে একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু নিজের বক্তব্য প্রকাশের ধরন যে অনুচিত ছিল, তা তিনি বুঝতে পেরেছেন। এ জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন তিনি।

RELATED ARTICLES

Most Popular