Homeসারাদেশ‘ভারপ্রাপ্তরা’ দিচ্ছেন অগ্নিনিরাপত্তা, ৮৪ শতাংশ ফায়ার স্টেশনে নেই স্টেশন অফিসার

‘ভারপ্রাপ্তরা’ দিচ্ছেন অগ্নিনিরাপত্তা, ৮৪ শতাংশ ফায়ার স্টেশনে নেই স্টেশন অফিসার

দেশের প্রতি পাঁচটি ফায়ার স্টেশনের মধ্যে চারটিতেই কোনো স্টেশন অফিসার নেই। ফলে জরুরি পরিস্থিতিতে নেতৃত্ব দিতে হচ্ছে ভারপ্রাপ্তদের। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি নথি জমা দিয়েছে ফায়ার সার্ভিস।

নথি অনুযায়ী, দেশের ৫৩৮ ফায়ার স্টেশনের মধ্যে অন্তত ৪৫২টিতে, অর্থাৎ ৮৪ শতাংশ স্টেশনে নেই স্টেশন অফিসার। এতে অগ্নিকাণ্ড বা বড় দুর্যোগে তাৎক্ষণিকভাবে কার্যকর ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, স্টেশন অফিসার কেবল একটি স্টেশনের প্রধান নন, তিনিই মূলত আগুন নেভানোর অভিযানে নেতৃত্ব দেন। এছাড়া ঘটনাস্থলে জরুরি সিদ্ধান্ত নেওয়া, জনবল ও প্রয়োজনীয় সরঞ্জামের সমন্বয় করার দায়িত্বও তার।

স্টেশন অফিসার না থাকার সংকটের জন্য মূলত পুরোনো সাংগঠনিক কাঠামো, নিম্ন বেতনগ্রেড ও পদোন্নতির সীমিত সুযোগকে দায়ী করছেন কর্মকর্তারা। তাদের মতে, এসব কারণে যোগ্য প্রার্থীরা এই পেশায় আসার উৎসাহ পান না।

এই প্রশাসনিক শূন্যতা সবচেয়ে প্রকট তৃণমূল পর্যায়ে। বর্তমানে উপজেলা পর্যায়ে স্টেশন অফিসারের পদ শূন্য ২৩১টি ফায়ার স্টেশনে। এসব জায়গায় পদমর্যাদা ও অভিজ্ঞতার চেয়ে বড় দায়িত্ব নিতে হচ্ছে জুনিয়র কর্মকর্তাদের।

কর্মকর্তারা জানান, জনবল সংকটের কারণে বাধ্য হয়ে ১২০টি উপজেলায় অভিযান পরিচালনার জন্য পরিদর্শকদের ওপর অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে।

পরিদর্শকদের মূল কাজ ভবন ও শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন, অগ্নিঝুঁকি মূল্যায়ন, নিরাপত্তা বিধিমালা প্রতিপালন নিশ্চিত করা, লাইসেন্স দেওয়া। কিন্তু, স্টেশন অফিসারের বাড়তি দায়িত্ব পালন করতে গিয়ে তারা এসব কাজে তারা সময় দিতে পারছেন না।

নাম প্রকাশ না করার শর্তে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘অভিযানের দায়িত্ব পালন করতে গিয়ে পরিদর্শকদের নিরাপত্তা তদারকি ও অন্যান্য নিয়মিত কাজ মারাত্মক ব্যাহত হচ্ছে।’

এছাড়া সিনিয়র স্টেশন অফিসার আছেন এমন ১০১টি বড় ফায়ার স্টেশনেও কোনো স্টেশন অফিসার নেই। এ কারণে সিনিয়র কর্মকর্তাদের ওপরও বাড়তি কাজের চাপ তৈরি হচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অতিরিক্ত দায়িত্ব পালন করতে গিয়ে সিনিয়র স্টেশন অফিসারদের স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ ও জনসচেতনতামূলক কর্মসূচিসহ অন্যান্য নিয়মিত কার্যক্রম ব্যাহত হচ্ছে।

গ্রেড নিম্ন, বেতন কম

সরকারি চাকরিজীবীরা ২০টি বেতনগ্রেডে নিয়োগ পান। ২০তম গ্রেড সর্বনিম্ন। প্রথম থেকে নবম গ্রেডকে প্রথম শ্রেণির পদ এবং দশম থেকে ১২তম গ্রেডকে দ্বিতীয় শ্রেণির পদ হিসেবে ধরা হয়।

২০২০ সাল থেকে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে পিএসসির মাধ্যমে ১২তম গ্রেডের নন-ক্যাডার পদে স্টেশন অফিসার নিয়োগ দেওয়া হচ্ছে।

কিন্তু, নবম গ্রেডের ক্যাডার কর্মকর্তাদের পদের সঙ্গে নন-ক্যাডার কর্মকর্তাদের পদের বেতনের বড় পার্থক্য রয়েছে।

২০১৫ সালের বেতন স্কেল অনুযায়ী, ১২তম গ্রেডের কর্মচারীদের শুরুর মোট বেতন ২৭ হাজার ৩০০ টাকা। আর নবম গ্রেডের কর্মকর্তাদের বেতন ৫৩ হাজার ৬০ টাকা।

২০২৬ সালের নতুন বেতনস্কেল পুরোপুরি কার্যকর হলে ১২তম গ্রেডে হবে ৫৮ হাজার ৭০০ ও নবম গ্রেডে হবে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা।

‘অন্যান্য বিভাগের কর্মকর্তাদের তুলনায় স্টেশন অফিসারদের মূল বেতন কম এবং এতে বেতন বৈষম্য তৈরি হয়। আমরা ভ্রমণ ও দৈনিক ভাতাও কম পাই। প্রশিক্ষণ ভাতা অপর্যাপ্ত এবং দেশে ও বিদেশে উচ্চতর প্রশিক্ষণের সুযোগও সীমিত,’ বলেন এক কর্মকর্তা।

নাম প্রকাশ না করার অনুরোধ করে ওই কর্মকর্তা আরও বলেন, ‘এসব বৈষম্য যোগ্য প্রার্থীদের ফায়ার সার্ভিসসহ নন-ক্যাডার পদে যোগদানে নিরুৎসাহিত করে।’

তার ভাষ্য, অগ্নিনির্বাপণের কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কিন্তু ঝুঁকি ভাতা অপর্যাপ্ত। ১৯৮১ থেকে ২০২৬ সাল পর্যন্ত ফায়ার সার্ভিসের ৫৩ কর্মী নিহত হয়েছেন এবং অসংখ্য আহত হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

নিয়োগের পরিসংখ্যানেই এই সমস্যার চিত্র ফুটে ওঠে। ফায়ার সার্ভিসের নথি অনুযায়ী, এ বছরের অক্টোবরে স্টেশন অফিসার পদের জন্য ১৭ প্রার্থীকে সুপারিশ করেছিল পিএসসি। কিন্তু, তাদের মধ্যে মাত্র ৯ জন চাকরিতে যোগদান করেন। এখন তারা বুনিয়াদি প্রশিক্ষণ নিচ্ছেন।

গত বছর সুপারিশ পাওয়া ৫৩ প্রার্থীর মধ্যে মাত্র ১৯ জন যোগ দিয়েছিলেন। বর্তমানে তাদের মাত্র ১২ জন চাকরি করছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো সাম্প্রতিক এক প্রস্তাবে স্টেশন অফিসারের পদ ১২তম গ্রেড থেকে দশম গ্রেডে এবং সিনিয়র স্টেশন অফিসারের পদ ১১তম গ্রেড থেকে নবম গ্রেডে উন্নীত করার সুপারিশ করেছে ফায়ার সার্ভিস।

এটি অনুমোদন পেলে ৬৫৭ স্টেশন অফিসার ও সমমানের পদসহ ফায়ার সার্ভিসের ১ হাজার ৩৮ কর্মকর্তার গ্রেড বাড়বে।

জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফুয়ারা খাতুন ডেইলি স্টারকে জানান, প্রস্তাবটি অনুমোদনের জন্য ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

নেই সুস্পষ্ট পদোন্নতির ধাপ

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, অধিদপ্তর অনুমোদিত ১৪ হাজার ৭৪৪ পদের মধ্যে মাত্র ৪৮টি প্রথম শ্রেণির। এটি কর্মকর্তাদের নেতৃত্বের পর্যায়ে যাওয়ার সুযোগ অত্যন্ত সীমিত করে ফেলেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘আমাদের মধ্যে যাদের অন্যান্য সরকারি চাকরির বয়স শেষ হয়ে গিয়েছিল, তারাই শুধু এই চাকরিতে থেকে গেছি। আমি ২০২০ সালে স্টেশন অফিসার হিসেবে যোগ দিয়েছিলাম এবং এখনো একই পদে আছি। অথচ, একই বিসিএস ব্যাচের যারা ক্যাডার ও অন্যান্য নন-ক্যাডার সার্ভিসে যোগ দিয়েছিলেন, তারা ইতোমধ্যে ষষ্ঠ গ্রেডে চলে গেছেন।’

ফায়ার সার্ভিসে ১২তম গ্রেডের স্টেশন অফিসাররা পদোন্নতি পেয়ে সিনিয়র স্টেশন অফিসার হলে ১১তম গ্রেডে যান। এমনকি তারা উপসহকারী পরিচালক (ডিএডি) পদে পদোন্নতি পেলেও দ্বিতীয় শ্রেণির (দশম গ্রেড) কর্মকর্তা হিসেবেই থেকে যান।

ফায়ার সার্ভিসের আরেক কর্মকর্তা বলেন, ‘ফায়ার সার্ভিসে প্রথম শ্রেণির পদে পৌঁছানো অত্যন্ত কঠিন। ২৫ বছর চাকরি করার পরও দ্বিতীয় শ্রেণির পদে পড়ে থাকাটা হতাশাজনক।’

যোগাযোগ করা হলে ফায়ার সার্ভিস মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আরেফিন জুনায়েদ স্বীকার করেন যে, কম বেতনই জনবল সংকটের অন্যতম প্রধান কারণ এবং অনেক যোগ্য কর্মকর্তা ভালো সুযোগ পেলে চলে যান।

তিনি বলেন, ‘স্টেশন অফিসাররা ১২তম গ্রেডে চাকরিতে যোগ দেন। অথচ উপজেলা পর্যায়ের অন্যান্য সরকারি কর্মকর্তারা সাধারণত নবম গ্রেডের পদে থাকেন। এটি তাদের মধ্যে বৈষম্যমূক ও অবমূল্যায়নের অনুভূতি তৈরি করে। এতে চাকরিতে থেকে যাওয়ার আগ্রহ কমে যায় অনেকের।’

এ প্রসঙ্গে ফায়ার সার্ভিস সাবেক মহাপরিচালক আবু নাঈম মো. শহীদুল্লাহ ডেইলি স্টারকে বলেন, ‘জনবল সংকটের কারণে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ ও উদ্ধার অভিযান পরিচালনার সক্ষমতা কমে গেছে। স্টেশন অফিসাররা সম্মুখসারির সিদ্ধান্ত নিয়ে থাকেন। সঠিক সিদ্ধান্ত নিতে কয়েক সেকেন্ডের দেরি একটি আগুনের ঘটনাকে বড় বিপর্যয়ে রূপ দিতে পারে।’

‘পরিদর্শকদের ওপর স্টেশন অফিসারদের দায়িত্ব চাপিয়ে দেওয়ায় অগ্নিনিরাপত্তা পরিদর্শন এবং প্রতিরোধমূলক কার্যক্রমও ব্যাহত হচ্ছে। নিয়মিত কার্যক্রম ও শিফট রোটেশন নিশ্চিত করতে প্রতিটি স্টেশনে অন্তত দুজন করে স্টেশন অফিসার থাকা প্রয়োজন,’ বলেন তিনি।

ভবনের নকশা মূল্যায়ন, পরিদর্শন পরিচালনা ও নিরাপত্তা মানদণ্ড প্রতিপালন নিশ্চিত করতে কারিগরিভাবে যোগ্য জনবল, বিশেষ করে ফায়ার ইঞ্জিনিয়ার নিয়োগের ওপর জোর দেন তিনি।

সাবেক এই মহাপরিচালক বলেন, ‘আমরা যদি বিশ্বমানের একটি ফায়ার সার্ভিস বিভাগ চাই, তবে আমাদের অবশ্যই স্টেশন অফিসারের পদমর্যাদা উন্নীত করে এবং প্রতিটি স্টেশনে পর্যাপ্ত যোগ্য কর্মকর্তা নিশ্চিত করার মাধ্যমে কাজ শুরু করতে হবে।’

RELATED ARTICLES

Most Popular