Homeসারাদেশভোররাতে থেমে থাকা বাসে আগুন, আশুলিয়ায় থেমে থেমে চলছে ধাওয়া-পাল্টা ধাওয়া

ভোররাতে থেমে থাকা বাসে আগুন, আশুলিয়ায় থেমে থেমে চলছে ধাওয়া-পাল্টা ধাওয়া

সাভারের আশুলিয়ায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বিভিন্ন পয়েন্টে শ্রমিকদের অবস্থান নিয়ে থাকতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকালে পোশাকশ্রমিকরা কাজে যোগ দেয়। সকাল সাড়ে ৮টার দিকে নরসিংহপুর এলাকায় কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা রাস্তায় নেমে আসেন।

পুলিশ জানিয়েছে, শ্রমিকদের বোঝাতে গেলে তারা বিক্ষুব্ধ হন। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং তারা বিভিন্ন পয়েন্টে আগুন জ্বালিয়ে  সড়ক বন্ধ করার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

এ পর্যন্ত ৫৫টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে জানিয়ে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া দ্য ডেইলি স্টারকে বলেন, ‘নরসিংহপুর থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত অবস্থা ভালো না। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।’

এর আগে ভোররাত ৩টার দিকে সাভারের তেঁতুলঝোড়া কলেজ রোড এলাকায় রাস্তার পাশে পার্ক রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে।

জানতে চাইলে তথ্যের সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। নাশকতাকারীরাই এ ঘটনা ঘটিয়েছে।’

RELATED ARTICLES

Most Popular