স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে গত বুধবার দুই দিনের ছুটি কাটাতে সেন্টমার্টিনে যান ওমর ফারুক শাওন। শুক্রবার ফিরে আসার কথা ছিল তাদের। তবে ঘূর্ণিঝড় আকভানের কারণে সৃষ্ট বৈরী আবহাওয়ায় জাহাজ চলাচল বন্ধ থাকায় পরিবারটি সেখানে আটকা পড়েছে।
এক ওষুধ কোম্পানির কর্মকর্তা ওমর ফারুক বলেন, ‘দীর্ঘ সময় দ্বীপে আটকে থাকায় আর্থিক চাপে পড়েছি। থাকা-খাওয়ার খরচ প্রতিনিয়ত বাড়ছে।’
ইম্পেরিয়াল এক্সপ্রেসে ঢাকায় ফেরার টিকিট কাটলেও যেতে পারেননি ওমর ফারুক। পরিবহন কোম্পানিটির সঙ্গে যোগাযোগ করতেও হিমশিম খাচ্ছেন বলে জানান তিনি।
কিছু পর্যটক ট্রলারে করে ফিরলেও ছোট সন্তানদের নিয়ে ঝুঁকি নিতে চান না ওমর ফারুক।
তার মতো গত তিন দিন ধরে দ্বীপে আটকে রয়েছেন শত শত পর্যটক।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, আজ সকালে অনেক পর্যটক ট্রলারে করে টেকনাফে ফিরেছেন। তবে ৫০০-৬০০ পর্যটক এখনো দ্বীপে আছেন।
রাজশাহীর ব্যবসায়ী শিশির সাহা বলেন, ‘এক রাতের জন্য ঘুরতে এসে দীর্ঘ সময় আটকে পড়েছি। এ কারণে আমাকে ও আমার তিন বন্ধুকে চারটি ট্রেনের টিকিট বাতিল করতে হয়েছে।’
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফাইজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, আজ কয়েকটি বড় ট্রলারে করে প্রায় ৪০০ পর্যটককে টেকনাফে নেওয়া হয়েছে। প্রতিটি ট্রলারে ২৪-৩০ জন যাত্রী বহনের সক্ষমতা রয়েছে।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আবদুল মান্নান ডেইলি স্টারকে বলেন, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত থাকায় বৃহস্পতিবার থেকে যাত্রীবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। আটকে পড়া পর্যটকদের হোটেল ও রিসোর্টে বিনামূল্যে অথবা কম ভাড়ায় থাকার ব্যবস্থা করতে বলা হয়েছে।
তিনি বলেন, জাহাজ চলাচল শুরু হলে আটকে পড়া পর্যটকদের বিনামূল্যে বা কম খরচে ফেরানোর ব্যবস্থা করতে জাহাজ পরিচালনাকারীদের অনুরোধ জানিয়েছে প্রশাসন। নির্ধারিত সময়ে ফিরতে না পারা পর্যটকদের সহায়তায় বাসমালিকদের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।
কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ এ বি হান্নান ডেইলি স্টারকে বলেন, ঘূর্ণিঝড় আকভান অতিক্রম করার পর উপকূলীয় এলাকায় মেঘলা আকাশ ও মাঝেমধ্যে হালকা বৃষ্টি অব্যাহত রয়েছে।
‘আগামীকাল থেকে আবহাওয়া পরিস্থিতির উন্নতি শুরু হতে পারে। সোমবার থেকে আরও উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া অনুকূল হওয়ার আগে জাহাজ চলাচল শুরু করলে যাত্রীরা ঝুঁকিতে পড়বেন’, বলেন তিনি।
এই আবহাওয়াবিদ বলেন, সমুদ্রবন্দরগুলোতে এখনো ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত রয়েছে। এ কারণে জাহাজ চলাচল নিরাপদ নয়।
প্রসঙ্গত, কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে গত ৫ নভেম্বর যাত্রীবাহী জাহাজ চলাচল শুরু হয়।
