Homeসারাদেশমগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।

আজ শনিবার সকালে হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশনস) সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোর ৫টার দিকে আসিফ আকবর নিজেই পুলিশকে ঘটনাটি জানিয়েছেন।

এর আগে মগবাজারে বিশাল সেন্টারের সামনে ভোররাত ৪টার দিকে এই হামলার ঘটনা ঘটে। তবে যখন গুলি চালানো হয়, সে সময় আসিফ গাড়ির ভেতরে ছিলেন না।

‘মগবাজারে আসিফ আকবরের ব্যক্তিগত কার্যালয় রয়েছে। তিনি বিশাল সেন্টারের সামনে তার গাড়িটি পার্ক করে রেখেছিলেন,’ বলেন এই পুলিশ কর্মকর্তা।

তিনি আরও বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’

‘দোকানপাট বন্ধ থাকায় তাৎক্ষণিকভাবে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা সম্ভব হয়নি। পরবর্তীতে ফুটেজ সংগ্রহ করে তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে,’ বলেন সাইফুল।

এ ব্যাপারে জানতে আসিফ আকবরের মোবাইল ফোনে কল করা হলেও সাড়া পাওয়া যায়নি।

তার স্ত্রী বেগম সালমা আসিফ তার ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যায়, পুলিশ সদস্যরা আসিফের গাড়ি পর্যবেক্ষণ করছিলেন। জনপ্রিয় এই সংগীতশিল্পী সে সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

ভিডিওতে আরও দেখা যায়, চালকের পেছনের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সালমা আসিফ ফেসবুকে লিখেছেন, ভোর ৫টার দিকে মগবাজার বিশাল সেন্টার এলাকায় কণ্ঠশিল্পী আসিফ আকবরের গাড়ি টার্গেট করে গুলি করা হয়েছে। উনি নিরাপদ আছেন।

RELATED ARTICLES

Most Popular