সিনেমার একই নাম, দুই প্রজন্মের দুই তারকা, সময়ের ব্যবধান প্রায় তিন দশক। প্রথম ‘খলনায়ক’ মুক্তি পেয়েছিল ১৯৯৬ সালে। প্রায় ৩০ বছর পর একই নামে আরেকটি সিনেমা মুক্তি পাবে আগামী বছর।
প্রথম ‘খলনায়ক’ সিনেমায় নায়ক মান্না, আর ২০২৭ সালে মুক্তি পেতে যাওয়া ‘খলনায়ক’ সিনেমার নায়ক আফরান নিশো। একদিকে নব্বইয়ের দশকের অ্যাকশনধর্মী বাণিজ্যিক সিনেমার দর্শকপ্রিয় নায়ক মান্না, অন্যদিকে আধুনিক সময়ে অভিনয়ের জন্য জনপ্রিয় নিশো।
তবে একটি জায়গায় দুইজনের মধ্যে মিল রয়েছে—মান্না ও নিশো দুজনই টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেছেন।
মান্না অভিনীত ও মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘খলনায়ক’ ১৯৯৬ সালের ১৪ জুন মুক্তি পায়। এতে আরও অভিনয় করেন চম্পা, রাজীব, প্রবীর মিত্র, সাদেক বাচ্চু ও ডলি জহুর।
নিশো অভিনীত ও ভিকি জাহেদ পরিচালিত ‘খলনায়ক’ সিনেমায় নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। আরও আছেন চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, সুমন পাটোয়ারী, গাজী রাকায়েত, বিজরী বরকতুল্লাহ, সোহেল মণ্ডল, সুমন আনোয়ার, তুশার খান ও সেন্টু। এ ছাড়া, বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।
মান্না ছিলেন ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অ্যাকশন নায়ক। তার অভিনয়ে যেমন ছিল প্রতিবাদী চরিত্রের দৃঢ়তা, তেমনি ছিল সাধারণ মানুষের বঞ্চনা ও ক্ষোভের প্রতিফলন। মান্নার অভিনয় জীবনের শুরুর দিকের উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে একটি এই ‘খলনায়ক’।
নিজের অভিনীত ‘খলনায়ক’ সিনেমা প্রসঙ্গে আফরান নিশো বলেন, ভিকি জাহেদের নির্মাণ ও গল্প বলার ধরন অন্যদের থেকে ভিন্ন। ‘খলনায়ক’ সিনেমার চিত্রনাট্য শোনার পরেই মনে হয়েছে এটি দারুণ মনস্তাত্ত্বিক ক্যানভাস।
মান্না ও নিশোর ‘খলনায়ক’ সিনেমার আকর্ষণীয় দিক হলো, দুই প্রজন্মের চলচ্চিত্র নির্মাণের পার্থক্য। নাম এক হলেও সিনেমা দুটির গল্প একেবারে ভিন্ন বলে জানা গেছে।
