Homeসারাদেশমালয়েশিয়ার শ্রমবাজার: আশ্বাস, অপেক্ষা আর বিভ্রান্তি

মালয়েশিয়ার শ্রমবাজার: আশ্বাস, অপেক্ষা আর বিভ্রান্তি

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার বিষয়ে বারবার দেওয়া আশ্বাসের পরও যাত্রার সময়সূচি পরিবর্তন, অভিবাসন খরচ নিয়ে অনিশ্চয়তা এবং নতুন স্বাস্থ্য পরীক্ষার বিধিমালার কারণে সরকারের সার্বিক প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠছে।

নভেম্বরের প্রথম সপ্তাহেই কর্মীদের যাত্রা শুরু হওয়ার কথা থাকলেও সরকার এখন চলতি মাসের শেষ নাগাদ লক্ষ্য নির্ধারণ করেছে।

এরমধ্যেই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বৃহস্পতিবার মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় মেডিকেল সেন্টারগুলোর জন্য ১১ দফা নির্দেশনা জারি করেছে।

গত ২৮ অক্টোবর প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক জানিয়েছিলেন, ১ নভেম্বরের মধ্যে নিয়োগের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এতে অন্যান্য প্রক্রিয়া সাপেক্ষে মেডিকেল পরীক্ষার দুই থেকে চার দিনের মধ্যে কর্মীরা দেশত্যাগ করতে পারবেন।

নভেম্বরের প্রথম সপ্তাহে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বোয়েসেল এবং বেসরকারি রিক্রুটিং এজেন্সি—উভয়ের মাধ্যমেই কর্মী পাঠানো শুরু হওয়ার কথা ছিল। কিন্তু কোনো কর্মী পাঠানো ছাড়াই সেই সময়সীমা পার হয়ে গেছে।

গত ৫ নভেম্বর প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছিলেন, বিনা খরচে কর্মী নিয়োগ কার্যক্রমের আওতায় সরকার ডিসেম্বরে প্রথম দুই বা তিনটি ফ্লাইটে কর্মী পাঠানোর আশা করছে।

পরে ১২ নভেম্বর বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, সংস্থাটি ডিসেম্বরের আগেই তাদের প্রথম ব্যাচ মালয়েশিয়ায় পাঠানোর চেষ্টা করছে। এর তিন দিন পর মন্ত্রী সংসদে বলেন, নভেম্বরের শেষ নাগাদ কর্মীদের যাত্রা শুরু হবে।

এদিকে মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ঘিরেও এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

২৮ অক্টোবর মন্ত্রণালয় ঘোষণা দেয়, ৩১ অক্টোবর থেকে মেডিকেল পরীক্ষা শুরু হবে এবং আগের কোনো পরীক্ষার রিপোর্ট অভিবাসন ছাড়পত্রের জন্য গ্রহণ করা হবে না। পরে ফি নির্ধারণ করা হয় ৮ হাজার টাকা।

১৬ নভেম্বর মন্ত্রণালয় জানায়, অনুমোদিত ৫১টি কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা চলছে। তবে প্রাথমিক তারিখ পার হয়ে যাওয়ার পরও কেন অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর তালিকা এবং স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা চূড়ান্ত হতে দেরি হলো, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের জারি করা ১১ নির্দেশনায় নিয়োগদাতার চাহিদাপত্রে উল্লিখিত কর্মী সংখ্যার চেয়ে সর্বোচ্চ ৫ শতাংশ বেশি মেডিকেল স্লিপ ইস্যু করার সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, মেডিকেল সেন্টারগুলোকে স্বাস্থ্য পরীক্ষার বিস্তারিত দৈনিক রেকর্ড রাখতে হবে এবং কর্মীদের নাম, পাসপোর্ট ও ভিসা নম্বরসহ অন্যান্য তথ্য অনলাইনে পাঠাতে হবে।

নির্দেশনায় বারবার পরীক্ষার নামে কর্মীদের ইচ্ছাকৃতভাবে ‘আনফিট’ (অযোগ্য) ঘোষণা করা এবং জাল মেডিকেল রিপোর্ট তৈরি বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

বাংলাদেশে ফিট ঘোষিত কোনো কর্মী চাকরি নিশ্চিত হওয়ার আগেই মালয়েশিয়ায় ‘আনফিট’ প্রমাণিত হলে, তাকে দেশে ফেরত আনার খরচসহ সমস্ত ব্যয় সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারকেই বহন করতে হবে।

মন্ত্রণালয় আরও বলেছে, মেডিকেল পরীক্ষার ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা হবে। মাইগ্রাম- এর নামে কোনো অর্থ আদায় করা যাবে না।

এসব নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে জামানত বাজেয়াপ্ত, লাইসেন্স বাতিল এবং অন্যান্য আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। এ ছাড়া মন্ত্রণালয় একটি তদারকি দলও গঠন করবে।

অভিবাসন বা নিয়োগ খরচ নিয়েও ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়েছে।

গত ২৮ অক্টোবর প্রতিমন্ত্রী নুরুল হক ধারণা দেন, বেসরকারি এজেন্সির মাধ্যমে খরচ তিন থেকে চার লাখ টাকা এবং বিনা খরচের উদ্যোগের বাইরে বোয়েসেলের মাধ্যমে এক লাখ ৫৫ হাজার টাকা থেকে এক লাখ ৬০ হাজার টাকা হতে পারে।

তবে তিনি স্পষ্ট করেন, বেসরকারি খাতের এই হিসাব তার ব্যক্তিগত ধারণা, কোনো সরকারিভাবে নির্ধারিত হার নয়।

গত ৫ নভেম্বর অভিবাসন খরচ আড়াই থেকে তিন লাখ টাকার মধ্যে রাখার বিষয়ে রিক্রুটিং এজেন্সিগুলোর প্রস্তাবকে স্বাগত জানান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

১২ নভেম্বর তিনি সরকার-নির্ধারিত সর্বোচ্চ এক লাখ ৫৪ হাজার টাকার ব্যয়সীমা ঘোষণা করেন। এরপর ১৫ নভেম্বর সংসদে বিষয়টি পুনর্ব্যক্ত করে অতিরিক্ত অর্থ আদায়ের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন।

সংসদ অধিবেশন চলাকালে এনসিপি সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ বলেন, কর্মীদের কাছ থেকে সাত থেকে আট লাখ টাকা চাওয়া হচ্ছে। খরচ তদারকির জন্য একটি পৃথক সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দেন তিনি। তবে মন্ত্রী এই প্রস্তাবের সরাসরি কোনো উত্তর দেননি।

এদিকে বেসরকারি রিক্রুটাররা সতর্ক করে জানিয়েছেন, প্রকৃত খরচ ছয় থেকে সাত লাখ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলাম এক লাখ ৫৪ হাজার টাকার খরচসীমাকে ‘অবাস্তব’ বলে বর্ণনা করেছেন।

তিনি অতিরিক্ত অর্থ আদায় ঠেকাতে একটি যৌক্তিক হার নির্ধারণ এবং ডিজিটাল নজরদারি চালুর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

RELATED ARTICLES

Most Popular