Homeসারাদেশসন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এমপি দোলন ও অভিনেতা তমাল রিমান্ডে

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এমপি দোলন ও অভিনেতা তমাল রিমান্ডে

সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ শুক্রবার সাবেক এই সংসদ সদস্যকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। অন্যদিকে, সাবেক সচিব মো. মিজানুর রহমান এবং অভিনেতা আরিফ মাহমুদ তমালকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জানান, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাদের প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড চেয়ে আদালতে হাজির করার পর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক এ আদেশ দেন।

আদালতে জমা দেওয়া পুলিশের ফরওয়ার্ডিং প্রতিবেদন অনুযায়ী, তদন্তে সংশ্লিষ্টতার তথ্য উঠে আসার পর সন্দেহভাজন হিসেবে দোলন, মিজানুর ও তমালকে গ্রেপ্তার করা হয়।

ফরওয়ার্ডিং প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা ও ডিবি পরিদর্শক মো. সেলিম রেজা বলেন, আসামিরা সরকারবিরোধী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার জন্য অর্থ ও অস্ত্র সরবরাহ করেছেন। বিভিন্ন উৎস থেকে অর্থ ও অস্ত্র সংগ্রহ করে তৃণমূল পর্যায়ের অপরাধীদের মধ্যে বিতরণের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

মামলার নথিতে বলা হয়েছে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর যুব সংগঠন যুবলীগের প্রায় ২০০ থেকে ২৭৪ জন সদস্য ২২ মে সরকারবিরোধী মিছিল করার উদ্দেশ্যে ঢাকার ধানমন্ডি ৩২ এলাকায় জড়ো হয়েছিলেন।

পরদিন এ ঘটনায় ধানমন্ডি থানায় মামলা করে পুলিশ।

গতকাল রাতে ঢাকা থেকে দোলন ও তমালকে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা বাহিনী।

RELATED ARTICLES

Most Popular