বল পায়ে একের পর এক প্রতিপক্ষকে কাটিয়ে দুর্দান্ত এক গোল। শ্রীলঙ্কার বিপক্ষে ফারহান আলী ওয়াহিদের সেই গোলের পর থেকেই চলছে প্রশংসার বন্যা। কেউ খুঁজে পাচ্ছেন লিওনেল মেসির ছায়া, কেউ আবার তুলনা করছেন লামিনে ইয়ামাল কিংবা নেইমারের সঙ্গে। তবে বাংলাদেশের অভিজ্ঞ মিডফিল্ডার জামাল ভূঁইয়া চান না, অন্য কোনো তারকার পরিচয়ে পরিচিত হয়ে উঠুন ফারহান। তার চাওয়া, নিজের নামেই ফুটবল বিশ্বে জায়গা করে নিন তরুণ এই ফুটবলার।
বুধবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারায় বাংলাদেশ। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমি-ফাইনালে ওঠার ম্যাচে সবচেয়ে আলোচিত মুহূর্তগুলোর একটি ছিল ফারহানের অসাধারণ গোল। প্রতিপক্ষের কয়েকজন খেলোয়াড়কে কাটিয়ে তার নিখুঁত ফিনিশিং মুগ্ধ করেছে দর্শকদের।
ফারহানের গোলের প্রশংসায় পঞ্চমুখ জামালও। জাতীয় স্টেডিয়ামে নিজের দেখা সেরা গোলগুলোর একটি মনে করছেন তিনি। এমনকি সেরা তিন গোলের মধ্যেও রাখছেন তরুণ এই ফুটবলারের প্রচেষ্টাকে।
বৃহস্পতিবার ফারহানের গোল নিয়ে জানতে চাইলে জামাল বলেন, ‘সম্ভবত জাতীয় স্টেডিয়ামে আমার দেখা অন্যতম সেরা গোল এটি। আমার মনে হয়, হামজার বাইসাইকেল কিকের গোল আর গতকাল ফারহান যে গোল করেছে, এগুলো সেরা তিনটির মধ্যে থাকবে।’
এমন গোলের পর ফারহানের সঙ্গে বিশ্ব ফুটবলের তারকাদের তুলনা শুরু হওয়াটাও অস্বাভাবিক নয়। বিশেষ করে বল পায়ে তার ড্রিবলিং, প্রতিপক্ষের রক্ষণ ভেঙে এগিয়ে যাওয়া এবং শেষ পর্যন্ত লক্ষ্যভেদের ধরনে মেসির ছায়া খুঁজে পাচ্ছেন অনেকে।
তবে এই তুলনার ধারায় গা ভাসাতে রাজি নন জামাল। তার মতে, ফারহানের সামনে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তোলার সুযোগ আছে। তাই অন্য কারও সঙ্গে তুলনা না করে তরুণ ফুটবলারকে নিজের নামেই বড় হতে দেখতে চান তিনি, ‘আপনারাই বলছেন নেইমার, মেসি, লামিন ইয়ামালের কথা। আসলে আমি চাই ফারহান নিজের পরিচিতি বড় করুক। অন্য খেলোয়াড়দের সঙ্গে ওকে তুলনা করার দরকার নেই। কারণ বাংলাদেশের সমর্থকেরা সবাই বলে, আমার মেসি, আমার লামিন ইয়ামাল। কিন্তু আমি চাই, ফারহান নিজের নামেই বড় হোক।’
জামাল আরও যোগ করেন, ‘এটা ফারহান আলীর গোল। অন্য কোনো খেলোয়াড়ের গোল নয়, এটা ফারহান আলীরই গোল।’
বিশ্ব ফুটবলের বড় তারকাদের সঙ্গে তুলনা একজন তরুণ ফুটবলারের জন্য যেমন প্রশংসার, তেমনি তৈরি করতে পারে বাড়তি প্রত্যাশার চাপ। জামালের কথায় তাই শুধু ফারহানের গোলের মুগ্ধতা নয়, তার নিজস্ব পরিচয় গড়ে তোলার আকাঙ্ক্ষাও ফুটে উঠেছে।
শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে গ্রুপ পর্ব শেষ করা বাংলাদেশের সামনে এখন পাকিস্তানের বিপক্ষে সেমি-ফাইনাল। আগামী শনিবার জাতীয় স্টেডিয়ামেই হবে ম্যাচটি।
