জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে পেট্রোলবোমা হামলা ও অগ্নিসংযোগের অভিযোগের ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
আজ বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শফিকুর রহমান বলেন, এ হামলা কাপুরুষোচিত। অবশ্যই দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর খেসারত উচ্চ মূল্যে দিতে হবে। নীরব বসে থাকার কোনো সুযোগ নেই।’
বুধবার দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাতের বাড়িতে পেট্রোলবোমা হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে।
নুসরাত এনসিপির যুগ্ম আহ্বায়ক, দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য এবং জাতীয় নারী শক্তির সদস্যসচিব।
একই ঘটনায় দেওয়া এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়েরও নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
তিনি বলেন, একজন সংসদ সদস্যের গ্রামের বাড়িতে গভীর রাতে পেট্রোলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক, কাপুরুষোচিত ও উদ্বেগজনক। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে জুবায়ের বলেন, নাগরিকদের জানমালের নিরাপত্তা বিধান করা সরকারের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে তার দায় সরকারকেই বহন করতে হবে।
রাজনৈতিক মতপার্থক্য ও ভিন্নমত কখনোই সহিংসতা, হামলা কিংবা অগ্নিসংযোগের অজুহাত হতে পারে না বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি। পাশাপাশি নুসরাত তাবাসসুম ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান জুবায়ের।
