দীর্ঘদিন ধরে অভিনয়শিল্পের সঙ্গে যুক্ত রোজী সিদ্দিকী। ক্যারিয়ারে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। সিনেমায় অভিনয় করেও প্রশংসা পেয়েছেন। অভিনয় নিয়ে এখনো ব্যস্ত সময় কাটাচ্ছেন। বিশেষ করে মঞ্চনাটকে এখনো সরব তিনি। তার একক অভিনীত নাটক ‘পঞ্চনারী আখ্যান’-এর ৮১তম মঞ্চায়ন হয়েছে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে।
মঞ্চনাটকসহ অভিনয়জীবনের নানাদিক নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন রোজী সিদ্দিকী।
‘পঞ্চনারী আখ্যান’ নাটকের ৮১তম শো নিয়ে প্রশ্ন করতেই রোজী সিদ্দিকী বলেন, ‘যত শো বাড়ছে, ততই ভয় পাচ্ছি। সত্যিই ভয় পাচ্ছি।’
কেন ভয় বাড়ছে? জানতে চাইলে তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে মঞ্চে নাটকটি অভিনয় করছি। দেশের বাইরেও শো করেছি। দর্শকদের কাছ থেকে প্রশংসা ও ভালোবাসা—দুটোই পেয়েছি। দর্শকরাই নাটকের প্রাণ। এজন্যই ভয় পাচ্ছি, দর্শকরা কীভাবে নেবেন? তাদের মনের মতো অভিনয় করতে পারব তো?’
‘দর্শকরা যেন ভালোভাবে গ্রহণ করেন। সুন্দরভাবে যেন অভিনয় করতে পারি। একটা দায়বদ্ধতা কাজ করে। একজন শিল্পী হিসেবে একক নাটক নিয়ে এতগুলো শো করেছি, তাই ভয় পাচ্ছি। এই নাটকটি অনেক দিন ধরে করছি। দায়িত্ব বেড়ে গেছে। নিজের কাছে বড় একটা দায়বদ্ধতা তৈরি হয়েছে। দিনকে দিন আরও ভালো করতে চাই। ভালো অভিনয় দিয়ে মঞ্চের দর্শকদের মন জয় করতে চাই।’
প্রত্যাশার ব্যাপারে তিনি বলেন, ‘প্রত্যাশা সব সময়ই বেশি। এখনো তাই। তবে বড় প্রত্যাশা হচ্ছে, সুন্দরভাবে যেন শো করতে পারি। অভিনয় দিয়ে যেন ভালো কিছু করতে পারি। মানুষ যেন মনে রাখে। দর্শকরা এই নাটকের প্রতি প্রচণ্ড ভালোবাসা দেখিয়েছেন। তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা।’
এক ঘণ্টা ২০ মিনিটের এই নাটকটি নির্দেশনা দিয়েছেন শহীদুজ্জামান সেলিম। নির্দেশক সম্পর্কে রোজী সিদ্দিকী বলেন, ‘পরিচালক হিসেবে তিনি অনেক ভালো। মনের মতো কাজটাই সব সময় চান, সেরা অভিনয়টাই চান। শিল্পী হিসেবে চাওয়া থাকে, পরিচালক যেন সন্তুষ্ট থাকেন। সেভাবেই আমি অভিনয় করি।’
মঞ্চনাটকের বাইরে টিভি নাটকেও অভিনয় করছেন রোজী সিদ্দিকী। বর্তমানে তার অভিনীত ‘ফিরে আসার গল্প’ প্রচার হচ্ছে।
