ইমার্জিং নেশনস ট্রফিতে বাংলাদেশের শুরুটা হলো হতাশার। বৃহস্পতিবার ওমানে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমি-ফাইনালে যুবাদের পর একই দিনে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের কাছে ৮ উইকেটে হেরে গেছে নিগার সুলতানা জ্যোতির দল।
বৃহস্পতিবার আজমানে স্রেফ ১০৮ রানের পুঁজি নিয়ে বিন্দুমাত্র লড়াই জমাতে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা।
টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই ছন্দ খুঁজে পেতে ধুঁকতে থাকে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারানোর পাশাপাশি দ্রুত রান তুলতেও ব্যর্থ হন ব্যাটাররা।
শেষদিকে স্বর্ণা আক্তারের অপরাজিত ২১ (২০ বলে) ও রাবেয়া খানের ১১ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১০৮ রানের পুঁজি পায় দলটি।
পাকিস্তানের লেগ স্পিনার তুবা হাসান ২৬ রানে নেন ৩ উইকেট। নাশরা সান্ধুর শিকার ২ উইকেট।
লক্ষ্য তাড়ায় কোনো বেগ পেতে হয়নি পাকিস্তানকে। ১৫ ওভার ৫ বলে ২ উইকেট হারিয়ে ১১২ রান তুলে জয় দিয়ে আসর শুরু করে তারা।
ওপেনার সাদাফ শামাস ৩৭ বলে করেন ৩৭ রান। অধিনায়ক মুনিবা আলি ৩১ ও আয়েশা জাফর ২৭ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।
বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট নেন সোবহানা মোশতারি ও স্বর্ণা আক্তার।
‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শুক্রবার জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ।
