দক্ষিণ আফ্রিকায় টেস্ট স্কোয়াডে যুক্ত হওয়ায় রাইজিং স্টার্স এশিয়া কাপের দলে থাকতে পারছেন না নাঈম শেখ। তার জায়গায় মূল স্কোয়াডে এসেছেন টপ অর্ডার ব্যাটার সাইফ হাসান। সাদা বলে জাতীয় দলের নিয়মিত এই ব্যাটারকে অধিনায়কও করা হয়েছে বাংলাদেশ ‘এ’ দলের।
রোববার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ১৫ জনের চূড়ান্ত দল দেয় বিসিবি। তাতে নাঈমের জায়গায় সাইফের আসাই বড় খবর। এর বাইরে স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞ সাব্বির রহমান, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, ইয়াসির আলি চৌধুরীরা। আছেন ঘরোয়া ক্রিকেটে অনেক অভিজ্ঞতা থাকা ইরফান শুক্কুর।
কাতারে আগামী ১৯ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত রাইজিং স্টার্স এশিয়া কাপের এবারের আসর চলবে। খেলা হবে ওয়ানডে ফরম্যাটে। দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে আটটি দল। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ‘এ’ দল অংশ নিলেও হংকং, সংযুক্ত আরব আমিরাত ও নেপালের মূল দল খেলবে।
‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষরা হলো আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকং। ‘বি’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গে আছে আরব আমিরাত ও নেপাল। ম্যাচগুলো হবে দোহার দুটি ভেন্যুতে— ওয়েস্ট এন্ড আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (ডব্লিউইআইসিএস) ও ইউনিভার্সিটি অব দোহা ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউডিএসটি) মাঠে।
এই আসরে ভালো করা ক্রিকেটাররা আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার লড়াইয়ে থাকবেন।
রাইজিং স্টার্স এশিয়া কাপের বাংলাদেশ ‘এ’ দল: পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান (অধিনায়ক), ইফতেখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলি চৌধুরী, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, ইরফান শুক্কুর, সামিউন বশির রাতুল, রাকিবুল হাসান, মোহাম্মদ রুবেল, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, ইকবাল হোসেন ইমন, রিপন মণ্ডল, মোহাম্মদ সাইফুদ্দিন।
গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচের সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী):
১৯ নভেম্বর: বাংলাদেশ ‘এ’ বনাম হংকং (দুপুর ১২টা, ইউডিএসটি)
২১ নভেম্বর: বাংলাদেশ ‘এ’ বনাম আফগানিস্তান ‘এ’ (বিকেল ৪টা, ডব্লিউইআইসিএস)
২৩ নভেম্বর: বাংলাদেশ ‘এ’ বনাম শ্রীলঙ্কা ‘এ’ (বিকেল ৪টা, ডব্লিউইআইসিএস)
