দেশে সুশাসন প্রতিষ্ঠায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ‘রাজনৈতিক বসদের’ খুশি করার প্রচলিত পন্থা থেকে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ও সাবেক অন্তর্বর্তী সরকারের সময় নির্বাচন পদ্ধতি সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।
আজ শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে পঞ্চম তলায় আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে ‘মাদক, কিশোর গ্যাং, ছিনতাই ও সহিংসতামুক্ত নারায়ণগঞ্জ গঠনে করণীয়’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। বিকেল ৫টার কিছুক্ষণ আগে এ সভা শুরু হয়ে চলে রাত ৮টা পর্যন্ত।
এতে স্থানীয় রাজনৈতিক, নাগরিক ও পেশাজীবী সংগঠনের সদস্যদের পাশাপাশি প্রশাসনিক কর্মকর্তারাও বক্তব্য রাখেন।
সভায় বদিউল আলম মজুমদার বলেন, ‘ত্বকী হত্যার যদি বিচার চান, অধিকার যদি নিশ্চিত করতে চান, তাহলে আপনাকে সক্রিয় হতে হবে। সামাজিক আন্দোলনের মাধ্যমে অন্যায়-অবিচারকে আমরা প্রতিহত করতে পারব। আইশৃঙ্খলা বাহিনীকেও সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। শুধুমাত্র রাজনৈতিক বস যারা, তাদের খুশি করার সেই প্রচলিত পন্থা থেকে বেরিয়ে এলেই সমস্যার সমাধান করতে পারব।’
‘তা নাহলে এই সমস্যা বেসামাল হবে, নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং আমাদের দেশটা বাসের অযোগ্য হয়ে যাবে। আমাদের সোচ্চার নয়, সক্রিয় হতে হবে,’ যোগ করেন তিনি।
সুজন সম্পাদক বলেন, ‘প্রশাসন মাদক-সন্ত্রাস নির্মূলে আন্তরিক তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু মানুষের পারসেপশন খুবই গুরুত্বপূর্ণ। অতীতে যেভাবে চলেছে, তারই ধারাবাহিকতা রক্ষা হচ্ছে। অতীতে রাজনৈতিক ছত্রছায়ায় যেসব অপকর্ম হয়েছে, বিভিন্ন ক্ষেত্র থেকে পৃষ্ঠপোষকতা, অনেক ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও যা ছিল, তা এখনো চলছে। হয়তো মাত্রায় ভিন্নতা থাকতে পারে, কিন্তু পরিস্থিতি বদলায়নি।’
আইনশৃঙ্খলা বাহিনীর দক্ষতা বাড়ানো এবং স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার পরিবেশ সৃষ্টির ওপর গুরুত্ব দেন বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ‘পুলিশের মধ্যে সততা, আন্তরিকতা, মানুষের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার বিষয়টি সৃষ্টি করতে হবে। তারপরও বলব, পুলিশের একার পক্ষে সব সম্ভব নয়।’
এ সময় আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী, নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, বর্তমান সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, জামায়াতে ইসলামীর মহানগর শাখার আমীর মাওলানা আবদুল জব্বার, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন প্রমুখ।
