সৌদি আরবের রাজধানী রিয়াদে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সময়ে ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ শহরের আশপাশে লড়াই তীব্র হয়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, রোববার রিয়াদে বিস্ফোরণের আগে বাসিন্দাদের মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠানো হয়। এতে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছিল।
এদিকে, রিয়াদ লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জোটটি জানায়, হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্রটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।
অন্যদিকে, ইয়েমেনের তৃতীয় বৃহত্তম শহর তাইজের পরিস্থিতিও ক্রমেই জটিল হয়ে উঠছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের নিয়ন্ত্রণে থাকা শহরটি বিভিন্ন দিক থেকে অবরুদ্ধ। অতীতেও হুতিদের একাধিক অবরোধের মুখে পড়েছে তাইজ।
শহরটির দক্ষিণাঞ্চলীয় যুদ্ধফ্রন্টের আবাসিক এলাকাগুলোতে বারবার হামলা হচ্ছে। এর মধ্যে রয়েছে জাবাল সাবেরের কাছের এলাকাও, যা তাইজের দক্ষিণাঞ্চলীয় প্রবেশপথ হিসেবে পরিচিত।
এই পরিস্থিতিতে তাইজে জরুরি মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য হাতে থাকা সময় দ্রুত ফুরিয়ে আসছে বলে সতর্ক করেছে জাতিসংঘ।
