ভুটানের বিপক্ষে জয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল বাংলাদেশকে। শেষ দিকে পাওয়া একমাত্র গোলেই জয় তুলে নেওয়ার পাশাপাশি সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছিল লাল-সবুজের দল। তবে শ্রীলঙ্কার বিপক্ষে গোলের জন্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি। ম্যাচের শুরুতেই বাংলাদেশকে এগিয়ে দেন শমিত সোম। প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক হামজা চৌধুরী।
বুধবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে প্রথমার্ধ শেষে শ্রীলঙ্কার বিপক্ষে ২-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ। অষ্টম মিনিটে লক্ষ্যভেদ করেন শমিত। ৪৪তম মিনিটে বল জালে পাঠান হামজা।
এদিন বাংলাদেশের একাদশে হামজাকে নিয়ে কিছুটা চমক দেখিয়েছেন কোচ টমাস ডুলি। তাঁর হাতে অধিনায়কত্বের আর্মব্যান্ড তুলে দেওয়ার পাশাপাশি বদলে দিয়েছেন পজিশনও। মূলত রক্ষণভাগের খেলোয়াড় হামজাকে খেলিয়েছেন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে। নতুন ভূমিকায় খেলতে নেমে গোলও পেয়েছেন তিনি। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখে শ্রীলঙ্কাকে চাপে রাখে ডুলির দল।
সেমিফাইনাল আগেই নিশ্চিত হওয়ায় এই ম্যাচে বাংলাদেশের হারানোর তেমন কিছু নেই। তবে মাঠের ফুটবলে তার কোনো ছাপ পড়েনি। বরং প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক ফুটবলে শ্রীলঙ্কাকে চাপে রাখেন হামজা-শমিতরা। ম্যাচের প্রথম সুযোগও তৈরি করেন রাকিব হোসেন। ডান প্রান্ত দিয়ে উঠে তাঁর বাড়ানো বলে অবশ্য পা ছোঁয়াতে পারেননি কেউ।
চতুর্থ মিনিটে আবারও রাকিবের ক্রস থেকে সুযোগ তৈরি হয়। হামজা বলের নাগাল পাওয়ার আগেই বিপদমুক্ত করেন শ্রীলঙ্কার ডিফেন্ডার। এরপর বক্সের সামনে পাওয়া ফ্রি কিকও কাজে লাগাতে পারেননি হামজা।
অবশ্য গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। অষ্টম মিনিটেই আসে কাঙ্ক্ষিত সাফল্য। হামজার ক্রস সামলাতে গিয়ে বিপত্তি বাধান শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা। তার ক্লিয়ারেন্স ঠিকঠাক না হওয়ায় ডিফেন্ডারের গায়ে লেগে বল চলে যায় শমিত সোমের কাছে। প্রথম প্রচেষ্টা প্রতিহত হলেও দ্বিতীয়বার আর ভুল করেননি এই মিডফিল্ডার। বল পাঠিয়ে দেন জালে।
এগিয়ে যাওয়ার পরও আক্রমণের ধার কমায়নি বাংলাদেশ। বিশেষ করে ডান প্রান্তে রাকিবের গতির সঙ্গে পেরে উঠতে বেশ বেগ পেতে হয়েছে শ্রীলঙ্কার রক্ষণকে। ২৬তম মিনিটে তার বাড়ানো বল থেকে সুযোগ পান হামজা। তবে ডিফেন্ডারের বাধার মুখে ব্যাকহিল করে গোলের যে চেষ্টা করেছিলেন, সেটি সফল হয়নি।
মাঝেমধ্যে পাল্টা আক্রমণে ওঠার চেষ্টা করেছে শ্রীলঙ্কাও। ৩৮তম মিনিটে বাংলাদেশের রক্ষণে কিছুটা অস্বস্তি তৈরি করেছিল তারা। বক্সে আসা একটি ক্রসে কোনো ফুটবলার পা ছোঁয়াতে পারলেই বিপদ হতে পারত। কিন্তু সুযোগটি কাজে লাগাতে পারেনি সফরকারীরা।
প্রথমার্ধের শেষ দিকে আবারও বাংলাদেশের আক্রমণের কেন্দ্রে হামজা। ৪৪তম মিনিটে ইব্রাহিমের পাস পেয়ে বক্সের বাইরে থেকে গতি বাড়িয়ে এক ডিফেন্ডারকে পেছনে ফেলেন তিনি। এরপর তার নেওয়া শট গোলরক্ষক সুজন পেরেরার গায়ে লেগে জালে ঢোকে। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই গোলের আনন্দে মাতেন হামজা। বাংলাদেশের জার্সিতে এটি তার পঞ্চম গোল।
মাঠের পাশাপাশি গ্যালারিতেও ছিল অন্য রকম উন্মাদনা। বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে পশ্চিম গ্যালারি ছাড়া প্রায় সব গ্যালারি ভরে যায়। এমনকি কয়েকটি গেট ভেঙে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশের ঘটনাও ঘটে।
