শ্রমিক অসন্তোষের জেরে আজ মঙ্গলবার দিনের বিভিন্ন সময় শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ার ৮০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
সন্ধ্যায় দ্য ডেইলি স্টারকে হোয়াটসঅ্যাপ খুদেবার্তায় এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া শিল্পপুলিশ -১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূইয়া।
শ্রমিক অসন্তোষের কারণে সাভার-আশুলিয়ায় কতটি কারখানায় সাধারণ ছুটি দেওয়া হয়েছে, দ্য ডেইলি স্টারের পক্ষ থেকে বার্তার উত্তরে তিনি অন্তত ৮০টির কথা উল্লেখ করেন। বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি।
এর আগে দুপুরে পুলিশের এই কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছিলেন, বাংলাদেশ শ্রম আইনের ১৩ (১) ধারায় সাভার আশুলিয়া ৮টি কারখানা বন্ধ রয়েছে।
পুলিশের একাধিক সূত্র জানায়, শিল্পাঞ্চল সাভারের হেমায়েতপুর, পদ্মার মোড় ও বাঘবাড়ী, ফুলবাড়িয়া এলাকায় শ্রমিক অসন্তোষ হয়। এ কারণে এসব এলাকার অধিকাংশ কারখানা ছুটি কিংবা বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আশুলিয়াও আজ কিছু কারখানায় নতুন করে ছুটি দেওয়া হয়েছে।
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু দ্য ডেইলি স্টারকে বলেন, আজও বেশকিছু কারখানা ১৩(১) ধারায় বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া শ্রমিক অসন্তোষের কারণে অনেক কারখানায় আজ উৎপাদন বন্ধ ছিল। কর্তৃপক্ষ কারখানা ছুটি দিতে বাধ্য হয়েছে।
মজুরি বোর্ডের সভা স্থগিত হওয়ায় শ্রমিকরা নতুন করে আন্দোলনে নেমেছে বলে ধারণা এই শ্রমিক নেতার।
