Homeসারাদেশসংরক্ষিত নারী আসনে নির্বাচিত এলিজা জামান

সংরক্ষিত নারী আসনে নির্বাচিত এলিজা জামান

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে একমাত্র প্রার্থী বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য এলিজা জামানকে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ সোমবার দুপুরে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগে, তাকে একক প্রার্থী হিসেবে রেখে আজ চূড়ান্ত প্রার্থী তালিকার প্রজ্ঞাপন প্রকাশ করে ইসি। ওই প্রজ্ঞাপনে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদে শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোটের পক্ষে এলিজা জামান গত ২৬ অক্টোবর বিকেল ৪টার সময়সীমার মধ্যে মনোনয়নপত্র জমা দেন।

যাচাই-বাছাই শেষে এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

গত ১২ অক্টোবর ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের তারিখ ছিল ২৭ অক্টোবর। যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৮ অক্টোবর আপিল ও ২৯ অক্টোবর আপিলের শুনানির দিন ধার্য করা হয়।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল গতকাল ১ নভেম্বর। ২ নভেম্বর প্রতীক বরাদ্দ ও ১২ নভেম্বর ভোট গ্রহণের তারিখ নির্ধারিত ছিল। একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় এলিজা জামান নির্বাচিত হলেন।

গত ১ অক্টোবর ফেরদৌসী আহমেদ পদত্যাগের পর আসনটি শূন্য হয়।

জাতীয় সংসদের মোট আসন ৩৫০টি। এর মধ্যে ৩০০ আসনের সদস্য নির্বাচিত হন নির্বাচনী এলাকার ভোটারদের সরাসরি ভোটে; আর ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। জাতীয় নির্বাচনে কোনো দল বা জোটের প্রাপ্ত আসনের অনুপাতে এই ৫০ আসন দল বা জোটগুলোর মধ্যে বণ্টন করা হয়। এই বণ্টনপদ্ধতি আইনে সুনির্দিষ্ট করে দেওয়া আছে।

চলতি ত্রয়োদশ সংসদে বিএনপি ৩৬টি নারী আসন পেয়েছিল। এর একটিতে মনোনীত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন ফেরদৌসী আহমেদ। রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ফেরদৌসী আহমেদের নাম আসে। দলীয় প্রধান ও দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে গত ১ অক্টোবর তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন।

RELATED ARTICLES

Most Popular