বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠায় নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ কারণে সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে দ্বীপটিতে প্রায় দেড় হাজার পর্যটক আটকা পড়েছেন।
আজ বৃহস্পতিবার থেকে শুরু করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
জাহাজ মালিকদের তথ্য অনুযায়ী, ১৭ ও ১৮ নভেম্বর সেন্টমার্টিনে যাওয়া প্রায় ১ হাজার ৫০০ জন পর্যটক এখন মূল ভূখণ্ডে ফিরতে পারছেন না।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়ার ওপর নির্ভর করে আবারও চলাচল শুরু হবে।
তিনি বলেন, ‘সাগরের পরিস্থিতি অনুকূলে না থাকলে পর্যটকবাহী জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ। তাই আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত জাহাজ চলাচল বন্ধ থাকবে। পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আবদুল হান্নান বলেন, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। ২০ নভেম্বর ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
তিনি জানান, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সতর্কসংকেত দেখানো হয়েছে।
সি ক্রুজ অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এসসিওএবি) সাধারণ সম্পাদক হোসেন ইসলাম বাহাদুর জানান, ১৭ ও ১৮ নভেম্বর সেন্টমার্টিনে যাওয়া প্রায় ১ হাজার ৫০০ পর্যটক দ্বীপে আটকা পড়েছেন।
তিনি বলেন, ‘আজ সেন্টমার্টিনে যাওয়ার জন্য যেসব পর্যটক টিকিট কিনেছিলেন, আবহাওয়ার উন্নতি হলে তারা পরবর্তী সময়ে একই টিকিট দিয়ে যেতে পারবেন। কোনো কারণে তাদের ভ্রমণের ব্যবস্থা করা না গেলে টিকিটের টাকা ফেরত দেওয়া হবে।’
সেন্টমার্টিনের মারমেইড রিসোর্টের মালিক তায়েব উল্লাহ বলেন, ‘আজ দুপুর পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন ছিল, কিন্তু বৃষ্টি হয়নি। দ্বীপের পরিস্থিতি স্বাভাবিক বলা যায়। তবে এখানে এখন পর্যটক খুব বেশি নেই।’
দ্বীপের পশ্চিম পাশের একটি রিসোর্টে অবস্থানরত পর্যটক মাহবুব আহমেদ বলেন, ‘আজ আমাদের ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু, যাওয়া হলো না। আগামীকাল আমার একটা পারিবারিক অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। সেটা আর পারব না।’
তিনি বলেন, ‘আমরা চরম অনিশ্চয়তার মধ্যে আছি। কবে ফিরতে পারব, জানি না।’
গত ৫ নভেম্বর সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। চলতি পর্যটন মৌসুমে এ রুটে পাঁচটি জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। মৌসুম শুরুর পর থেকে দ্বীপে পর্যটকের যাতায়াত ধীরে ধীরে বাড়ছিল।
তবে প্রতিদিন সর্বোচ্চ সাড়ে ৩ হাজার পর্যটককে দ্বীপটি ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত সেন্টমার্টিনে পর্যটকদের যাওয়ার অনুমতি রয়েছে। এ সময় পর্যটকরা দ্বীপটি ভ্রমণ করতে পারবেন এবং রাতেও অবস্থান করতে পারবেন। প্রত্যেক দর্শনার্থীকে পরিবেশ সংরক্ষণ ফি হিসেবে ১০০ টাকা দিতে হবে। পাশাপাশি ভ্রমণ পাস ও কিউআর কোডভিত্তিক টিকিট বাধ্যতামূলক।
দ্বীপের প্রতিবেশব্যবস্থা ও জীববৈচিত্র্য রক্ষায় আরও কয়েকটি বিধিনিষেধ আরোপ করা হয়েছে। রাতে সৈকত ও আশপাশের এলাকায় আলো জ্বালানো, অতিরিক্ত শব্দ করা এবং বারবিকিউ পার্টির আয়োজন নিষিদ্ধ। সৈকতে মোটরসাইকেল ও সি-বাইক চালানোও নিষিদ্ধ। এ ছাড়া, দ্বীপটি থেকে প্রাকৃতিক সম্পদ সংগ্রহের ক্ষেত্রেও বিধিনিষেধ রয়েছে।
