Homeআন্তর্জাতিকরায় বাস্তবায়ন ও প্রত্যাবাসন নিশ্চিতে মিয়ানমারের ওপর চাপ বাড়ানোর আহ্বান আন্তর্জাতিক মহলের

রায় বাস্তবায়ন ও প্রত্যাবাসন নিশ্চিতে মিয়ানমারের ওপর চাপ বাড়ানোর আহ্বান আন্তর্জাতিক মহলের

২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। এই রায়কে ঐতিহাসিক ও ন্যায়বিচারের গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে স্বাগত জানিয়েছে জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা, মানবাধিকার সংস্থা, অধিকারকর্মী ও বিভিন্ন মহল। তবে রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করতে শুধু আদালতের রায় নয়, এর কার্যকর বাস্তবায়ন, দায়ীদের শাস্তি, ক্ষতিপূরণ এবং নিরাপদে দেশে ফেরার অধিকার নিশ্চিত করার ওপরও জোর দিয়েছেন তারা।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রোহিঙ্গা গণহত্যা মামলার রায়ের মাধ্যমে ইতিহাসে প্রথমবার কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে দায়ী সাব্যস্ত করা হল।

প্রতিবেদনে বিভিন্ন সংস্থার প্রতিক্রিয়া তুলে ধরা হয়েছে।

মিয়ানমারকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে: আন্তোনিও গুতেরেস

রায় ঘোষণার পর জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ‘এই মামলাটি আন্তর্জাতিক ন্যায়বিচারের একটি দৃষ্টান্ত তৈরি করেছে যে, এমন ভয়াবহ কর্মকাণ্ডের জন্য দায়মুক্তি চলতে পারে না। রায়ে এই মামলার বাস্তবতার এক ভয়াবহ চিত্র তুলে ধরেছে, যার মধ্যে রয়েছে দশ হাজারেরও বেশি মানুষকে হত্যা, ধর্ষণ ও নিপীড়নের মতো ঘটনা।

তিনি আরও বলেন, ‘আদালতের সিদ্ধান্ত মেনে চলার বাধ্যবাধকতা অনুযায়ী মিয়ানমারকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে।’

মানবতার বিবেকের ওপর কলঙ্ক: ভলকার তুর্ক

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক বলেছেন, আদালতের রায় স্পষ্ট করেছে যে মিয়ানমার রাষ্ট্র মানবজাতির সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর একটির জন্য দায়ী।

রোহিঙ্গাদের ওপর মিয়ানমার রাষ্ট্র যে দুর্ভোগ, অপমান ও নিপীড়ন চাপিয়ে দিয়েছে, তা মানবতার বিবেকের ওপর কলঙ্ক বলে মন্তব্য করেন তিনি। একইসঙ্গে শুনানিতে আদালতের সামনে নিজেদের ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরা ভুক্তভোগী ও বেঁচে থাকা রোহিঙ্গাদের সাহসের প্রশংসা করেন তুর্ক।

মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হোক: অ্যামনেস্টি

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেন, ‘বছরের পর বছর অস্বীকার, দায়মুক্তি ও সত্যকে চাপা দেওয়ার প্রচেষ্টার পর আদালতের এই রায় ভুক্তভোগী, তাদের পরিবার এবং বেঁচে থাকা রোহিঙ্গাদের জন্য বিরল ন্যায়বিচারের মুহূর্ত।’

রায়ের পর মিয়ানমারের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ, অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করা এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার: যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী

রায় ঘোষণার পর তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড রয়টার্সকে বলেন, ‘মিয়ানমার জান্তার ওপর বিদ্যমান নিষেধাজ্ঞার ধারাবাহিকতায় আমরা যুক্তরাজ্য থেকে দেশটির প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের নির্দেশ দিচ্ছি এবং এই রায় নিয়ে আলোচনার জন্য জরুরি ভিত্তিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশন আহ্বানের দাবি জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘এ ছাড়া আমরা মিয়ানমারের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করছি এবং দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনতে আগামীতে আরও কঠোর পদক্ষেপের ঘোষণা দেব।’

‘বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য সহায়তা’

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে যৌথ বিবৃতি পোস্ট করেছেন যুক্তরাজ্যের সংসদ সদস্য রুশনারা আলী ও জেরেমি হান্ট।

The International Court of Justice has confirmed in this historic judgement that the Myanmar government committed genocide against the Rohingya. The UK government, which is the penholder at the UN for Myanmar, must lead an international coalition to ensure there are serious consequences for this evil regime and do everything it can to protect the Rohingya. Our statement here:

— Rushanara Ali MP 💙 (@rushanaraali) November 19, 2026

বিবৃতিতে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে নিয়মিত নিষেধাজ্ঞা পুনরায় চালু করার আহ্বান জানিয়েছেন তারা। একইসঙ্গে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখেরও বেশি রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা বাড়ানো এবং রায় বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক মহলকে আহ্বান জানিয়েছেন রুশনারা ও জেরেমি।

রোহিঙ্গাদের স্বেচ্ছা প্রত্যাবাসন নিশ্চিত করুন: এইচআরডব্লিউ

মিয়ানমারকে আদালতের রায় মেনে চলা, রোহিঙ্গাদের ওপর নিপীড়ন বন্ধ এবং শরণার্থীদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবর্তনের পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন হিউম্যান রাইটস ওয়াচের জ্যেষ্ঠ আন্তর্জাতিক বিচারবিষয়ক পরামর্শক মারিয়া এলেনা ভিগনোলি।

গণহত্যা সনদ মৃত নয়: মারিকে ডি হুন

আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ফৌজদারি আইনের অধ্যাপক মারিকে ডি হুন বলেন, ‘আদালত খুব কমই গণহত্যার বিষয়ে সরাসরি রায় দেওয়ার সুযোগ পান। এখানে এই প্রথমবারের মতো আদালত স্পষ্ট করেছেন যে, একটি রাষ্ট্র তার জনগণের বিরুদ্ধে গণহত্যা চালানোর জন্য দায়ী এবং গণহত্যা সনদ মৃত নয়।’

অধিকারও ফিরিয়ে দিতে হবে: রোহিঙ্গা অধিকারকর্মী

রায়কে স্বাগত জানালেও রোহিঙ্গা অধিকারকর্মীরা বলেছেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য তাদের পরিচয়, নাগরিকত্ব, নিরাপত্তা ও নিজ দেশে ফেরার অধিকার নিশ্চিত করা জরুরি।

মামলা দায়েরকারী গাম্বিয়ার প্রতিনিধিদলের সদস্য ইয়াসমিন উল্লাহ বলেন, ‘আমাদের ওপর কী ঘটেছে তা জানার জন্য আদালতের প্রয়োজন ছিল না। আমাদের প্রয়োজন ছিল বিশ্ববাসীকে তা শোনানো, এবং আজ বিশ্ব তা শুনেছে।’

উইমেনস পিস নেটওয়ার্কের নির্বাহী পরিচালক ওয়াই ওয়াই নু বলেন, ‘গণহত্যার দায় নির্ধারণ, ক্ষতিপূরণ এবং এ ধরনের অপরাধ যেন আর না ঘটে তা নিশ্চিত করার নির্দেশ সেই রাষ্ট্রীয় অস্বীকারের প্রচেষ্টাকে ভেঙে দিয়েছে।’

আরাকান রোহিঙ্গা ন্যাশনাল কাউন্সিলের সহসভাপতি নাইং সান লুইন বলেন, ‘রোহিঙ্গাদের জন্য ন্যায়বিচারের অর্থ নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া, তাদের পরিচয়ের স্বীকৃতি এবং নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন।’

নৃশংসতা প্রতিরোধে প্রতিশ্রুতিবদ্ধ: এনইউজি

মিয়ানমারের ছায়া সরকার বা ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি) জানিয়েছে, আদালতের জারি করা যেকোনো আদেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করার পাশাপাশি ভবিষ্যতে আরও নৃশংসতা প্রতিরোধে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে তারা।

আন্তর্জাতিক বিচার আদালতের রায় রাষ্ট্রগুলোর জন্য আইনগতভাবে বাধ্যতামূলক হলেও আদালতের নিজস্ব সিদ্ধান্ত কার্যকর করার সরাসরি ক্ষমতা সীমিত। ফলে মিয়ানমার কীভাবে রায় বাস্তবায়ন করবে এবং আন্তর্জাতিক সম্প্রদায় কী পদক্ষেপ নেবে, তা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

RELATED ARTICLES

Most Popular