রাজধানীর কারওয়ান বাজারে দেশি শিম, বেগুন, নতুন আলু ও টমেটোসহ কয়েক ধরনের সবজির দাম বেড়েছে।
আজ শনিবার সেখানকার কাঁচাবাজার ঘুরে এ পরিস্থিতি দেখা গেছে।
তবে গত এক সপ্তাহে ব্রয়লার ও সোনালি মুরগি এবং কাঁচা মরিচের দাম কমেছে। মাংস, ডিম ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে।
পাইকারি দরে আজ দেশি শিম কেজি প্রতি ৫০-৫৬ টাকায় বিক্রি করেছেন বন্ধু বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী মোক্তারুল ইসলাম মুন্না। খুচরা বাজারে অবশ্য তা বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকায়। গত সপ্তাহে প্রতি কেজি শিমের দাম ৫০-৬০ টাকা ছিল।
তিনি আরও জানান, বড় ফুলকপি ২৫ টাকা পিস, বাঁধাকপি ২৭ টাকা পিস, বরবটি ৫৫-৬০ টাকা কেজি ও কাঁচা মরিচ ১৮-২০ টাকা কেজিদরে বিক্রি হয়েছে আজ।
খুচরা বাজারে বিক্রি হয়েছে ফুলকপি পিস ৩০-৩৫ টাকা, বাঁধাকপি পিস ৩০-৪০ টাকা, বরবটি কেজি প্রতি ৮০-১০০ টাকা ও কাঁচা মরিচ ঝালভেদে কেজি প্রতি ৩৫-৬০ টাকায়।
আরেক আড়তদার নাম প্রকাশ না করার শর্তে জানান, খিরা ৫০-৬০ টাকা, শসা ৩০-৪০ টাকা, হাইব্রিড গাজর ৯০-৯৫ টাকা, মিষ্টি কুমড়া ১৫-২০ টাকা ও লাউ ১৫-২৫ টাকা কেজি দরে পাইকারিতে বিক্রি করেছেন তিনি।
বেড়েছে এই সবজিগুলোরও দাম। খিরা ৭০-৮০ টাকা, শসা ৫০-৬০ টাকা, মিষ্টি কুমড়া ৩৫-৪০ টাকা, হাইব্রিড গাজর ১১০-১২০ টাকা, ও লাউ ৪০-৬০ টাকায় বিক্রি করছেন খুচরা বিক্রেতারা।
খুচরা বাজারে কাঁচা টমেটো ১৪০-১৫০ টাকা, পাকা টমেটো ১১০-১২০ টাকা ও বেগুন ৩৫-৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে এগুলোর দাম কেজিতে অন্তত ১০ টাকা কম ছিল।
দাম বৃদ্ধির কারণ হিসেবে সরবরাহ কিছুটা কমে যাওয়ার কথা দ্য ডেইলি স্টারকে বলেন আড়তদার মুন্না।
গত সপ্তাহের তুলনায় ভারতীয় নতুন আলুর দামও বেড়েছে। পাইকারি ব্যবসায়ী ফারুক হোসেন ডেইলি স্টারকে জানান, ৮০-৯০ টাকা কেজিদরে তিনি নতুন আলু বিক্রি করেছেন। খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকায়। গত সপ্তাহে প্রতি কেজি নতুন আলুর দাম ছিল ৯০-১০০ টাকা।
তবে পুরোনো আলুর দাম লাল ও সাদাভেদে খুচরা বাজারে প্রতি কেজি ২০-২৫ টাকা, গুটি আলু ২৫-৩৫ টাকা, পেঁয়াজ ৪০-৫০ টাকা, বড় রসুন ১৫০-১৬০ টাকা, ছোট রসুন ৪০-৬০ টাকা ও আদা ১০০-১২০ টাকায় বিক্রি হচ্ছে।
কারওয়ান বাজারে কেনাকাটা করতে এসে বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা অ্যালবার্ট রিবেরু কিছুটা ক্ষোভ প্রকাশ করেন।
ডেইলি স্টারকে তিনি বলেন, ‘শীতের সবজির দাম এখনো বাড়তি। এই সময়ে দাম আরও কিছুটা কমবে আশা করেছিলাম।’
কারওয়ান বাজারে কিছুটা কমে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০-১৮০ টাকা, হাইব্রিড সোনালি ২৬০-২৮০ টাকা ও সোনালি মুরগি ৩০০-৩২০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানান বাংলাদেশ চিকেন ব্রয়লার হাউসের মো. সোহেল।
বাদামি ডিমের দাম প্রতি ডজন ১২০-১৪০ টাকা, গরুর মাংস প্রতি কেজি ৭৮০-৮৫০ টাকা ও খাসির মাংস ১ হাজার ২৫০ থেকে ১ হাজার ৩০০ টাকা। এসব পণ্যের দাম গত সপ্তাহের তুলনায় অপরিবর্তিত রয়েছে।
