Homeস্পোর্টসসিলেট টেস্টের বাংলাদেশ দলে একটি পরিবর্তন

সিলেট টেস্টের বাংলাদেশ দলে একটি পরিবর্তন

মিরপুর টেস্টে লড়াইবিহীন হারের কয়েক ঘণ্টা পরই সিলেটে অনুষ্ঠেয় দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে আনা হয়েছে একটি পরিবর্তন। অভিজ্ঞ মুমিনুল হকের জায়গায় সুযোগ পেয়েছেন তরুণ ব্যাটার অমিত হাসান।

শনিবার ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে মমিনুলের ঠাঁই হয়নি মূলত কনকাশন সংক্রান্ত নিয়মের জালে আটকা পড়ে। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ফিল্ডিংয়ের সময় মাথায় চোট পেয়েছিলেন তিনি। পরে তার কনকাশন বদলি হিসেবে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামেন জাকের আলী অনিক।

আইসিসির কনকাশন প্রটোকল অনুযায়ী, কনকাশন বদলি হওয়ার সাত দিনের মধ্যে খেলার অনুমতি পান না ক্রিকেটাররা। মুমিনুল কনকাশন বদলি হন গতকাল ৩০ অক্টোবর। আগামী ৫ নভেম্বর শুরু হবে সিলেট টেস্ট। সেক্ষেত্রে তিনি সেরে উঠলেও সাত দিন পার হয় না।

তাই ভাগ্য খুলেছে বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত একটি টেস্ট খেলা অমিতের। গত জুনে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক মঞ্চে অভিষেক হয়েছিল তার। দুই ইনিংস মিলিয়ে তিনি করেছিলেন ২৯ রান।

সিরিজ থেকে মুমিনুলের ছিটকে যাওয়া নিয়ে বিসিবি সংবাদ বিজ্ঞপ্তি দেওয়ার আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, ‘মুমিনুল ভাই, আমার মনে হয় না উনি দ্বিতীয় টেস্ট খেলতে পারবেন, কঠিন। নিয়ম অনুযায়ী, উনি পারবেন না। এটা আসলে পুরোটাই মেডিকেল ইস্যু।’

মিরপুরে ব্যাটিং ব্যর্থতায় ৮ উইকেটে হেরে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের বাংলাদেশ স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, অমিত হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাঈম হাসান।

RELATED ARTICLES

Most Popular